বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্র রক্ষার স্বার্থে বিএনপি পৌর নির্বাচনে অংশ নিয়েছে। যদিও এখনো লেভেল প্লেয়িং ফিল্ড হয়নি।
বৃহস্পতিবার দুপুরে সৈয়দপুরে ধানের শীষের পক্ষে প্রচারণা চালানোর আগে দলীয় কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন। গণতন্ত্র রক্ষার স্বার্থে তিনি ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যত চাপই আসুক নির্বাচন থেকে সরে দাঁড়াবে না বিএনপি। সরকার অগণতান্ত্রিকভাবে দেশ পরিচালনা করছে। বিরোধী দলের নেতাকর্মীদের অযথা হয়রানি করছে। এমনকি দলীয় প্রার্থী, কর্মী ও সমর্থক সুষ্ঠুভাবে প্রচারণা চালাতে পারছে না বলে তিনি অভিযোগ করেন।
পৌরসভার বর্তমান মেয়র ও দলীয় প্রার্থী অধ্যক্ষ আমজাদ হোসেন সরকারকে সঙ্গে নিয়ে শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কে ধানের শীষের পক্ষে প্রচারণা চালান এবং লিফলেট বিতরণ করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপি নীলফামারী বিএনপির সদস্য সচিব শামসুজ্জামান জামান, সাবেক এমপি আখতারুজ্জামান মিয়া, জেলা বিএনপির সহ-সভাপতি মীর সেলিমসহ নেতা-কর্মীরা।
এর আগে ইউএস বাংলার বিমানে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছলে দলীয় নেতা-কর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। বিকেলে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব জলঢাকা পৌরসভা নির্বাচনের প্রচারণায় অংশ নেন।
এমএইচ





