ছাত্রলীগের নেতৃত্ব নির্বাচনে কাউন্সিলরদের ভোট গ্রহণ শুরু হয়েছে। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে রোববার বেলা সোয়া ১১টায় ভোট গ্রহণ শুরু হয়ে বিকেল সাড়ে ৫টায় ভোট গ্রহণ শেষ হয়। এরপর ভোট গণনা শুরু হয়েছে।

নির্বাচনের শুরুতে সভাপতি পদে ১৮ জন প্রার্থী এবং সাধারণ সম্পাদক পদে ৪৩ জন প্রতিদ্বন্দ্বিতা করলেও পরবর্তীতে সভাপতি পদে ১০ জন আর সাধারণ সম্পাদক পদে ১৮ জন প্রার্থী লড়ছেন। ভোটগ্রহণ চলাকালে সভাপতি পদে আটজন এবং সাধারণ সম্পাদক পদে ২৫ জন প্রার্থী প্রার্থীতা প্রত্যাহার করেছেন।

ছাত্রলীগের দুই দিনব্যাপী ২৮তম জাতীয় সম্মেলনের আজ শেষ দিন। গতকাল সোহরাওয়ার্দী উদ্যানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সম্মেলনের উদ্বোধন করেন।

নির্বাচন পরিচালনা করছেন তিন নির্বাচন কমিশনার সুমন কুণ্ডু, মুস্তাফিজুর রহমান মোস্তাক ও শেখ রাসেল। এ ছাড়া ছাত্রলীগের প্রাক্তন নেতা জাহাঙ্গীর কবির নানক, সাংসদ নজরুল ইসলাম বাবু, ছাত্রলীগের প্রাক্তন সভাপতি লিয়াকত শিকদার, এনামুল হক শামীম, ইসহাক আলী খান পান্না, ছাত্রলীগের বর্তমান সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ ও সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম উপস্থিত আছেন।

২০১১ সালের ১০ ও ১১ জুলাই হয়েছিল ছাত্রলীগের সর্বশেষ সম্মেলন। ওই সম্মেলনে এইচ এম বদিউজ্জামান সোহাগ সভাপতি এবং সিদ্দিকী নাজমুল আলম সাধারণ সম্পাদক হন। পরে তাদের নেতৃত্বেই চার বছর ধরে চলেছে সংগঠনের কার্যক্রম। আজ নির্বাচনের পর সম্মেলনের কাউন্সিল অধিবেশনে সংগঠনের দায়িত্ব তুলে দেওয়া হবে নতুন নেতাদের হাতে।

ইআর