জনপ্রিয়তা যাচাইয়ের জন্য নিজের নির্বাচনী এলাকা কুমিল্লা থেকে প্রধানমন্ত্রীকে নির্বাচন করতে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার।
প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘চ্যালেঞ্জ করছি, আমার নির্বাচনী এলাকা থেকে নির্বাচনে দাড়ান। আমিও সেখানে নির্বাচনে দাড়াবো। যদি জিততে পারেন, আর কোনোদিন রাজনীতি করব না।’
রোববার বিকালে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৩তম শাহাদতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক স্মরণ সভায় তিনি এসব কথা বলেন। জাতীয়তাবাদী মহিলা দল এ সভার আয়োজন করে।
সরকারকে হুঁশিয়ারি দিয়ে এম কে আনোয়ার বলেন, সবধরনের হত্যা, গুম, খুনের হিসাব রাখা হচ্ছে। প্রত্যেকটি ঘটনার জবাব দিতে হবে।
এ সময় তিনি অভিযোগ করেন, ভারত থেকে একটি বিশেষ বাহিনীকে প্রশিক্ষণ দেয়া হয়েছে। তাদের হাতে বিএনপির নেতাকর্মীদের একটি তালিকা দেয়া হয়েছে। সেই অনুযায়ী হত্যা, খুন, গুম হচ্ছে।
তিনি বলেন, ‘এসব থেকে নিবৃত হন। তা না হলে পরিণতি ভালো হবে না।’
ক্ষমতার লিপ্সায় সরকার জনগণের ইচ্ছাকে পদদলিত করেছে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, মানুষ নূন্যতম বেঁচে থাকবার স্বাধীনতাটুকুও হারিয়ে ফেলেছে। ক্ষমতাসীণদের অহংকার এমন পর্যায়ে পৌঁছেছে যে, নিজেরা কলহ করে দেশে অরাজক পরিস্থিতির সৃষ্টি করেছে।
তিনি বলেন, ‘চতুর্দশ সংশোধনীর মাধ্যমে শেখ মুজিবুর রহমান গণতান্ত্রিক সমাজ ব্যবস্থাকে ধ্বংস করে একদলীয় শাসন কায়েম করেছিলো। বর্তমান আওয়ামী লীগও সেই পথে হাটছে।’
জিয়াউর রহমান জন্ম না হলে দেশের ইতিহাস অন্যরকম হতে পারতো দাবি করে তিনি বলেন, “স্বাধীনতার ঘোষক নিয়ে অযথাই বিতর্ক সৃষ্টি করা হয়েছে। আওয়ামী লীগের অনেক নেতাই তাদের লেখা বিভিন্ন বইয়ে স্বাধীনতার ঘোষক হিসেবে জিয়াউর রহমানকে স্বীকার করেছেন। এর সর্বশেষ প্রমান হলো তাজউদ্দিন আহমেদ মেয়ে শারমিন আহমেদের লেখা ‘নেতা ও পিতা’ বই।”
তিনি বলেন, ‘ওই বইতেই আছে রাষ্ট্রদ্রোহের শাস্তির কথা চিন্তা করে শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষনা দেননি।’
আয়োজক সংগঠনের সভাপতি নুরে আরা সাফার সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপি যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদ, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, মহানগর মহিলা দলের সভাপতি সুলতানা আহামেদ প্রমূখ।
[b]ঢাকা, এমএইচ, ২৫মে,(টাইমনিউজবিডি.কম)//এএইচ[/b]