রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের  কওমি মাদ্রাসার ‘শোকরানা মাহফিল’ থেকে পিপার স্প্রেসহ ২ যুবককে আটক করেছে পুলিশ।

আজ (০৪ নভেম্বর) রোববার সকাল সাড়ে ৯টার দিকে তাদের আটক করা হয়। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

সোহরাওয়ার্দী উদ্যানে ফটোসাংবাদিক ওসমান গণি জানান, শোকরানা সমাবেশ ঘিরে ভোর থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।  উদ্যানে প্রবেশের বিভিন্ন গেটে আর্চওয়ে বসানো হয়েছে। সবাইকে দেহ তল্লাশি করে সমাবেশস্থলে প্রবেশ করতে দেয়া হচ্ছে।

সকাল সাড়ে ৯টার দিকে দেহ তল্লাশির সময় দুই যুবকের কাছ থেকে বিষাক্ত পিপার স্প্রে জব্দ করে ডিবি। পরে তাদের আটক করে শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়। সেখানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

কওমি মাদ্রাসাভিত্তিক সংগঠন আল-হাইআতুল উলয়া লিল-জামি’আতিল কওমিয়া বাংলাদেশের উদ্যোগে সোহরাওয়ার্দী উদ্যানে ‘শোকরানা মাহফিল’আয়োজন করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভাপতি হিসেবে থাকবেন হেফাজতে ইসলামের আমির ও চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক মাওলানা শাহ আহমদ শফী।  

ঢাকাসহ সারাদেশের কওমি মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা বাস, ট্রেন, লঞ্চে করে ভোর থেকেই সোহরাওয়ার্দী উদ্যানের দিকে রওনা দিয়েছেন।  রাজধানীর মিরপুর, ফার্মগেট, মোহাম্মদপুর, গুলিস্তান ও শাহবাগসহ বিভিন্ন জায়গায় মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীদেরকে সোহরাওয়ার্দী উদ্যানের শোকরানা মাহফিলে অংশ নিতে যেতে দেখা গেছে।

এনিয়ে গতকাল শনিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে নগরবাসীকে যানজটের বিষয়টি উল্লেখ করে সতর্ক করা হয়েছে। বিপুল পরিমাণ জনসমাগমের কথা উল্লেখ করে বিশেষ যান চলাচল নির্দেশনা দিয়েছে ডিএমপি। 

জাতীয় দ্বীনি মাদরাসা শিক্ষাবোর্ড, বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান শাইখুল হাদিস আল্লামা ফরিদ উদ্দীন মাসউদ আগেই ঘোষণা দিয়েছেন শোকরানা মাহফিলে ১০ লাখেরও বেশি মানুষ উপস্থিতির জন্য প্রস্তুতি রয়েছে। 

এমবি