বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সরকারের উদ্দেশ্যে বলেছেন, আপনারা শুধু রাজাকার খুঁজে বেড়ান। কিন্তু আগে নিজ দলের রাজাকারদের খুঁজে বের করুন। আপনারা যদি প্রকৃত মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি হতেন তাহলে মহিউদ্দীন খান আলমগীরকে  স্বরাষ্ট্রমন্ত্রী নিয়োগ করতেন না। হুসেইন মুহাম্মদ এরশাদের মত ব্যক্তিকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা নিয়োগ করা হত না। কারণ তারা দুজনই মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান সরকারের আনুগত্যে ছিলেন।
শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এর দ্বি-বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, দেশে আজ গণতন্ত্র মৃত। বাংলাদেশে আজ কোনো সরকার নেই। তারা (আওয়ামী লীগ) আজ জোর করে দেশ পরিচালনা করছে। এই সরকার সম্পূর্ণ অবৈধ।
দেশের কোনো মানুষ এই সরকারের হাতে নিরাপদ নয়। এমনকি সাংবাদিকরাও এদের হাতে নিরাপদ নয়। এই সরকারের হাতে ২৩জন সাংবাদিকের জীবন দিতে হয়েছে বলেও তিনি দাবী করেন।
বেগম জিয়া বলেন, সরকারের ব্যর্থতার কারণে ইতিমধ্যেই দেশের স্বাধীনতা অর্থহীন হয়ে পড়েছে। কারণ আজ দেশের মানুষ কাজ পাচ্ছে না। দেশের মানুষদের আজ বেকার করে একটি দেশের মানুষদের পূণর্বাসনের করা হচ্ছে। তারা বিশেষ দেশের মানুষদেরকে সন্তুষ্ট করায় ব্যস্ত।
এই সরকার মিথ্যার ওপর দাঁড়িয়ে আছে মন্তব্য করে তিনি বলেন, যতই মিথ্যার আশ্রয় নেন না কেন, মিথ্যা কথার জোর বেশি দিন টিকে থাকে ন।
বিএনপি চেয়ারপারসন সরকারের কড়া সমালোচনা করে বলেন, আওয়ামী লীগ বলে এখন  না কি দেশের উন্নয়ন হচ্ছে। কিন্তু দেশের নয়, বরং আওয়ামী নেতাকর্মীদের উন্নয়ন হচ্ছে। দেশের সম্পদ লুটেপুটে তারা নিজেদের পকেট ভারী করছে। এই টাকা বিদেশে রপ্তানী করছে।
সংগঠনের বর্তমান সভাপতি রুহুল আমিন গাজীর সভাপতিত্বে কাউন্সিল অধিবেশনে স্বাগত বক্তব্য রাখেন বিএফইউজের সিনিয়র যুগ্ম মহাসচিব এম আব্দুল্লাহ।
কাউন্সিল অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের বিভিন্ন ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিষ্টার রফিকুল ইসলাম মিয়া, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডা. এ জেড এম জাহিদ হোসেন, দলের ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা ও বেগম সেলিমা রহমান, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিমউদ্দিন আলম, ঢাবির সাবেক ভিসি প্রফেসর ড.এমাজ উদ্দিন আহমেদ প্রমুখ।
[b]ঢাকা, এমএইচ, ২৯ মার্চ (টাইমনিউজবিডি.কম) // কেবি[/b]