আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ধর্মীয় লেবাসে জনগণকে বিভ্রান্ত করছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।

বুধবার দুপুরে রাজধানীর ধানমন্ডীর আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে মঙ্গলবার খালেদা জিয়ার বক্তব্যের জবাবে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

খালেদাকে উদ্দেশ্য করে হাছান মাহমুদ বলেন, নির্বাচন আসলে তিনি পাক্কা মুসলমান সেজে যান। আওয়ামী লীগ নয়, আপনি (খালেদা) মুখ ও মুখোশের পার্থক্য আপনি বুঝেন না। আপনি মুখোশ পড়ে মানুষকে ধোকা দিয়ে বোকা বানানোর নির্লজ্জ প্রয়াস চালাচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, জঙ্গিদের সঙ্গে নিয়ে জোট গঠন করে ইসলামের ক্ষতি সাধন করে যাচ্ছেন আপনি (খালেদা)। ‌যারা ’নারায়ে তাকবির আল্লাহু আকবর’ বলে মানুষকে হত্যা করে এরা ইয়াজিদের অনুসারী। এদেরই আশ্রয় ও মদদ দাতা আপনি নিজে।

তিনি ধর্মীয় সংখ্যালঘুদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, খালেদা জিয়ার মিথ্যাচার বক্তব্যে প্রভাবিত ও প্ররোচিত হবেন না। আপনাদের নিরাপত্তা ও ধর্ম পালনে সমধিকার নিশ্চিত করতে সরকার সবকিছুই করবে। আওয়ামী লীগ ধর্মহীনতায় নয়, ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী একটি দল।

তিনি আরো বলেন, বিএনপির সরকারের আমলে কোনো ধর্মই নিরাপদ নয়। তাদের সরকারের আমলেই সংখ্যালঘুদের ওপর হিংস্র হায়নার মতো ঝাপিয়ে পরে। আওয়ামী লীগ হচ্চে একটি ধর্ম নিরপেক্ষ একটি দল। আর বিএনপি হচ্ছে সাম্প্রদায়িক ও ধর্মীয় বিদ্বেষী ছড়ানো একটি রাজনৈতিক দল।

আওয়ামী লীগের এই নেতা বলেন, জিয়াউর রহমান সংবিধান সংশোধন করে ধর্মীয় সংখ্যালঘু ও নৃ-জাতি গোষ্ঠীকে দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত করেছিলেন। কিন্তু সর্বোচ্চ আদালত কর্তৃক ৫ম সংশোধনী বাতিল হওয়াতে বিএনপির গাত্রদাহ হওয়ায় জনমনে বিভ্রান্ত ছড়াচ্ছে।

এসময় আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক এ্যাডভোকেট আফজাল হোসেন, দপ্তর সম্পাদক আব্দুল মান্নান খান, উপ-দপ্তর সম্পাদক মৃনাল কান্তি দাস, উপ-প্রচার সম্পাদক অসীম কুমার উকিল, কার্যনির্বাহী সদস্য এস এম কামাল হোসেন প্রমুখ।

এমআর/এসএইচ