'শুনেছি আরো কিছু অভিযোগ আনা হবে। মাহমুদুর রহমানকে নিয়ে রিমান্ড করা হবে। এগুলো কোনো কিছু আমি চাই না।' বলেছেন, সাংবাদিক শফিক রেহমানের স্ত্রী তালেয়া রেহমান।
বুধবার জাতীয় প্রেসক্লাবে শফিক রেহমান মুক্তিমঞ্চ আয়োজিত এক আলোচনা সভায় তালেয়া রেহমান এ কথা বলেন।
গত ১৬ এপ্রিল রাজধানীর ইস্কাটনে নিজ বাসা থেকে ৮১ বছর বয়সী সাংবাদিক শফিক রেহমানকে গ্রেপ্তার করে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। সেদিনই তাঁকে পাঁচদিনের রিমান্ডে নেয় সংস্থাটি।
সর্বশেষ গতকাল মঙ্গলবার তাঁকে নিয়েই বাসায় তল্লাশি চালায় এবং গুরুত্বপূর্ণ নথি জব্দের দাবি করে ডিবি। রিমান্ডে শফিক রেহমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে যুক্তরাষ্ট্রে অপহরণ ও হত্যাচেষ্টার কথা স্বীকার করেছেন বলে জানান ঢাকা মেট্রোপলিন পুলিশের অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম।
তালেয়া রেহমান বলেন, ‘আমি চাই না উনি জেলে পচুক। কেননা তিনি অসুস্থ।’
মুক্তিযুদ্ধে সাংবাদিক হিসেবে দেশের পক্ষে শফিক রেহমান অনেক কাজ করেছেন বলে জানান তালেয়া রেহমান। শফিক রেহমানের নিঃশর্ত মুক্তি দাবি করে তিনি বলেন, 'শিল্প-সাহিত্য ও যা কিছু সুন্দর তাই নিয়েই থাকতে চেয়েছিলেন শফিক, শেষ জীবনে তাঁর বিরুদ্ধে এ ধরনের হত্যাপ্রচেষ্টার অভিযোগ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।'
এমবি





