রাজধানীতে জ্বালাও-পোড়াও ও বিচ্ছিন্ন সংঘর্ষের মধ্যে দিয়ে চলছে ২০ দলীয় জোটের ডাকা অনির্দিষ্টকালের অবরোধের দ্বিতীয় দিন।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সোমবার এ কর্মসূচি ঘোষণা করেন। ২০ দলীয় জোটকে সমাবেশ করতে না দেয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে বলে তিনি জানান।
এরইমধ্যে রাজধানীর কয়েকটি স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অবরোধ সমর্থকদের সংঘর্ষের খবর পাওয়া গেছে।
খিলগাঁও:
২০ দলীয় জোটের ডাকা অনির্দিষ্টকালের অবরোধের সমর্থনে দ্বিতীয় দিনে ছাত্রশিবির ঢাকা মহানগরী পূর্ব শাখা খিলগাঁও এলাকায় একটি মিছিল বের করে এবং রাজপথ অবরোধ করে।
মহানগরী সেক্রেটারি এম শামীম এর নেতৃত্বে বুধবার সকালে অবরোধ কর্মসূচিতে অংশ নেন নেতা-কর্মীরা।

এ সময় আরো উপস্থিত ছিলেন, মহানগরীর অফিস সম্পাদক সোহেল মিঠু, প্রচার সম্পাদক আবদুল কাদের, ছাত্রকল্যাণ সম্পাদক আশরাফ উদ্দিন, এইচআরডি সম্পাদক ইমাম হোসেন, কলেজ কার্যক্রম সম্পাদক হাসান মাহমুদ প্রমুখ। পরে তারা রাস্তায় আগুন জ্বালিয়ে অবরোধ করে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়:
অবরোধের দ্বিতীয় দিন বুধবার রাজধানীর পুরান ঢাকায় মিছিল বের করে ছাত্রদল। এ সময় পুলিশের সাথে তাদের সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে দাবি করেছে ছাত্রদল কর্মীরা।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের কর্মী জানান, পুরান ঢাকার ধোলাইখালে জবি ছাত্রদল নেতা ওমর ফারুক কাওসারের নেতৃত্বে সকাল সোয়া ৯টার দিকে বিক্ষোভ মিছিল বের করা হয়। এ সময় পুলিশ বাধা দিলে সংঘর্ষ হয়। তখন ক্ষুব্ধ নেতাকর্মীরা কয়েকটি বাস ভাঙচুর করে।
কাঠেরপুল:
২০ দলের ডাকা লাগাতার অবরোধের দ্বিতীয় দিনে রাজধানীর পুরান ঢাকার দু'টি স্থানে মিছিল ও সড়ক অবরোধ করেছে ইসলামী ছাত্রশিবির জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা।
বুধবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর কাঠেরপুল এলাকায় অবরোধ সমর্থনে মিছিল বের করে শিবির কর্মীরা।

এ সময় রাস্তায় আগুন জ্বেলে ও ইট ফেলে প্রায় আধা ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে তারা।
পরে পুলিশ ধাওয়া দিলে সেখানে ৪টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পুলিশের লাঠিচার্জে একজন শিবিরকর্মী গুরুতর আহত হয়।
আমিন বাজার:
রাজধানীর আমিন বাজারে সড়ক অবরোধ করে বিক্ষোভ ও সমাবেশ করেছে ঢাকা মহানগরী জামায়াতে ইসলামী। এ সময় সেখান থেকে তিন অবরোধকারীকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার ভোরে একটি বিক্ষোভ মিছিল নিয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আমিন বাজারে সড়ক অবরোধ করে সমাবেশ করে জামায়াত নেতাকর্মীরা।
এ সময় পুলিশ বাধা দিলে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় পুলিশ তিন অবরোধকারীকে গ্রেফতার করে।
মগবাজার:
২০ দলীয় জোটের ডাকা অনির্দিষ্টকালের অবরোধের সমর্থনে রাজধানীর মগবাজার রেলগেট এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছে রমনা থানা দলের নেতাকর্মীরা।
বুধবার দুপুরে তারা রাস্তা অবরোধ ও বিক্ষোভ করে।
অবরোধে উপস্থিত ছিলেন রমনা থানা জামায়াতের নায়েবে আমির হাবিবুর রহমান, বিএনপি নেতা তবিবুর রহমান, জামায়াত নেতা আতাউর রহমান সরকার, সেচ্ছাসেবক দলের নেতা তোফাজ্জল হোসাইন ও রমনা থানা শিবির সভাপতি আকরাম হোসাইন প্রমুখ।
বায়তুল মোকাররম:
রাজধানীর বায়তুল মোকাররমের সামনে একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করেছে অবরোধ-সমর্থকরা।

বুধবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের বহনকারী বাসে আগুন দেয়া হয়। বাসটি মতিঝিল থেকে ফার্মগেটের দিকে যাচ্ছিল।
সদরঘাট:
রাজধানীর সদরঘাট মোড়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) গেটের সামনে তানজিল পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

বুধবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে দুর্বৃত্তরা পেট্রল ঢেলে ওই বাসে (ঢাকা মেট্রো-জ-১১-২৩৮৪) আগুন ধরিয়ে দেয়। বাসটি সদরঘাট থেকে মিরপুর যাচ্ছিল।
প্রাথমিকভাবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
মিরপুর:
রাজধানীর মিরপুর-১১ নম্বরে প্রজাপতি পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দুর্বৃত্তরা পেট্রল ঢেলে ওই বাসে আগুন ধরিয়ে দেয়। বাসটি মিরপুর থেকে আবদুল্লাহপুরে যাতায়াত করতো। প্রাথমিকভাবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আগুনের খবর পেয়ে মিরপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়েছে। ফায়ার কট্রোল রুমের অফিসার ইন চার্জ (ওসি) এনায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
আজিমপুর:
রাজধানীর আজিমপুর মোড়ে সেফটি পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
বুধবার সন্ধ্যা ৭টার দিকে দুর্বৃত্তরা পেট্রল ঢেলে ওই বাসে আগুন ধরিয়ে দেয়। প্রাথমিকভাবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস সদর দফতরের নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস কর্মীরা গিয়েছে।
বাড্ডা:
রাজধানীর মধ্য বাড্ডায় একটি পিকআপ ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দুর্বৃত্তরা পেট্রল ঢেলে ওই পিকআপে আগুন ধরিয়ে দেয়। প্রাথমিকভাবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের সদর ইউনিটের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। তারা জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনতে বারিধরা থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়েছে।
এসএইচ/কেএইচ





