ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, দেশের সিংহভাগ মানুষকে অনুন্নত রেখে সমৃদ্ধ সমাজ গঠন সম্ভব নয়। তাই সহায়-সম্বলহীন ও হত দরিদ্রমানুষকে সুস্থজীবন যাপনের পথে আনতে হবে। এজন্য সরকারি কর্মকর্তাসহ সকল শ্রেণী পেশার
মানুষকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।
বৃহস্পতিবার রাজধানীর শাহবাগে বিসিএস প্রশাসন একাডেমী মিলনায়তনে ভূমি মন্ত্রণালয়ের অধীন গুচ্ছগ্রাম প্রকল্পের প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিট আয়োজিত ‘গুচ্ছগ্রামে প্রশিক্ষণ ও ঋণ কার্যক্রম’ শীর্ষক এক সেমিনারে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, দেশের উন্নয়নের মূল ধারায় তৃণমূল মানুষকে সম্পৃক্ত করার ওপর গুরুত্ব আরোপ করতে হবে। প্রতিটি মানুষকে তাদের জীবনধারণের ক্ষেত্রে সহনীয় পর্যায়ে টেনে আনা না গেলে কাঙ্খিত অগ্রগতির পথে আমরা অগ্রসর হতে পারবো না।
তিনি আরও বলেন, গত সাড়ে ৫ বছরে দেশের ৬১টি জেলায় গুচ্ছগ্রাম প্রকল্পের আওতায় ১০ হাজার ৬৫০টি ভূমিহীন পরিবারকে পুনর্বাসিত করা হয়েছে।
ভূমিমন্ত্রী বলেন,স্বাধীনতার পর গত ৪২ বছরে আমরা সমৃদ্ধির পথে এগুতে গিয়ে বার বার হোচট খেয়েছি।
গুচ্ছগ্রাম প্রকল্পের জাতীয় প্রকল্প পরিচালক মো. সিরাজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত আরও উপস্থিত ছিলেন, বিসিএস প্রশাসন একাডেমীর রেক্টর ও সরকারের সচিব শফিক আলম মেহেদী,বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) মহা-পরিচালক আব্দুল জলিল মিঞা,ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মুয়াজ্জেম হোসেন প্রমুখ।
ঢাকা, এমআর, ১৯ জুন (টাইমনিউজবিডি.কম)//এসআর





