বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক প্রতিমন্ত্রী এ কে এম মোশাররফ হোসেন আর নেই। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তাঁর ছোট ভাই জাকির হোসেন বাবলু মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

আজ (১৮ অক্টোবর) রোববার বাদ জোহর ময়মনসিংহ কেন্দ্রীয় আঞ্জুমানে ঈদগাহ মাঠে একেএম মোশাররফ হোসেনের প্রথম জানাজা হবে। বাদ আছর মুক্তাগাছা খেলার মাঠে দ্বিতীয় জানাজার পারিবারিক গোরস্থানে তাঁকে দাফন করার কথা রয়েছে।

সাবেক এই প্রতিমন্ত্রী দীর্ঘদিন ধরে নানা অসুস্থতায় ভুগছিলেন। তবে শেষের দিকে তাঁর শরীরে করোনাভাইরাস পজিটিভ ধরা পড়ে। গত ২৯ সেপ্টেম্বর তাঁকে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়।

বর্ণাঢ্য কর্মময় জীবনে এ কে এম মোশাররফ হোসেন রাজনীতিতে প্রবেশের আগে বিভিন্ন মন্ত্রণালয়ে সচিবের দায়িত্ব পালন করেন। তিনি ১৯৯৬ সালে ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ২০০১ থেকে ২০০৫ সাল পর্যন্ত বাংলাদেশ সরকারের জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী ছিলেন। তিনি ২০০০ সালে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সভাপতি নির্বাচিত হন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি ওই পদে ছিলেন।

এমবি