মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতের সকল নেতার মুক্তি দাবি করে দলটির নায়েবে আমির অধ্যাপক মজিবুর রহমান সরকারের উদ্দেশে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, “আটক নেতাদের মুক্তি না দিলে ইতিহাস আপনাদের ক্ষমা করবে না।”

বৃহস্পতিবার বিকালে নীলফামারীর জেলা স্কুল মাঠে ২০ দলীয় জোট আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।

জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে এ জনসভার আয়োজন করেছে ২০ দলীয় জোট। জনসভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক আনিসুল আরেফিন চৌধুরী।

সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘কোনো দলীয় সরকারের অধীনে নির্বাচন হতে দেয়া হবে না। ভালো মানুষের পরিচয় দিয়ে সব সমস্যা আলোচনার টেবিলে সমাধান করুন। শুধু দেশের জনগণ নয় আন্তর্জাতিক সম্প্রদায়ও তা চায়। তা না করলে আপনাদের পরিণতি খুব খারাপ হবে।’

 

তিনি বলেন, ধর্মহীন দল হচ্ছে আওয়ামী লীগ। তারা সংবিধান থেকে আল্লাহর নাম বাদ দিয়ে দিয়েছে। বাংলাদেশে বাস করে ইসলামের বিরুদ্ধে কথা বললে মানুষ তা সহ্য করবে না। সেটি করলে আওয়ামী লীগের ভাগ্যও লতিফ সিদ্দিকীর মত হবে।

এসময় কারাবন্দি জামায়াত নেতা অধ্যাপক গোলাম আযমসহ মানবতা বিরোধী অপরাধের অভিযুক্ত নেতাদের উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেয়ার অনুমতি দেয়ার দাবিও জানান তিনি।

 

সমাবেশে ২০ দলীয় জোটের শীর্ষ নেতাদের মধ্যে লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামী, খেলাফত মজলিশের সভাপতি অধ্যক্ষ মাওলানা ইসহাক, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম, জাগপার সভাপতি শফিউল আলম প্রধান, ন্যাপ (ভাসানীর) চেয়ারম্যান জেবেল রহমান গানী, ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন।

এমএইচ