ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বলেছেন, তারেক রহমান একাধিক প্রমাণ নিয়ে বলেছে, জিয়া দেশের প্রথম রাষ্ট্রপতি কিন্ত আওয়ামী লীগের নেতারা মিথ্যাচার করে সত্যকে আড়াল করতে চাইছে। সত্য কখনও আড়াল করা যায় না তার প্রমাণ রেখেছেন তাজউদ্দিন আহমেদের মেয়ে। তার বই পড়লে অনেক সত্য বের হয়ে আসবে।
শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এম-ট্যাব) আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, জনগণের স্বার্থে আমরা তিস্তার পানি নিয়ে ২২ ও ২৩ এপ্রিল লংমার্চ করেছি। কিন্ত আওয়ামী লীগ বলেছে, এ লংমার্চ কোনো বিশেষ উদ্দেশে। এ লংমার্চে বিএনপি জ্বালাও পোড়াও করতে পারে। কিন্ত আমরা সেটা করিনি। কারণ বিএনপি কখনও জ্বালাও পোড়াও বিশ্বাস করে না।
রফিকুল ইসলাম আরও বলেন, বিএনপি দেশের সাধারণ মানুষের ভোটে ক্ষমতায় যাওয়ায় বিশ্বাসী। আওয়ামী লীগের মতো বিনা নির্বাচনে ক্ষমতায় যেতে চায় না।
সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি একেএম মুসা লিটনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, ড্যাবের প্রথম যুগ্ম মহাসচিব রফিকুল ইসলাম বাচ্চু, সংগঠনের সাংগঠনিক সম্পাদক তানভীরুল আলম প্রমুখ।
[b]ঢাকা, ২৫ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]