ডাক,টেলিযোগাযোগ এবং তথ্য যোগাযোগ প্রযুক্তিমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী বলেছেন,প্রেম কখনও একতরফা হয় না। উভয়দিক থেকে সমানতালে অধীর আগ্রহ ও সুস্থ,সুন্দর মন নিয়ে এগিয়ে আসতে হয়। তারপরই আসে প্রেমের প্রশ্ন।
মঙ্গলবার সচিবালয়ে ডাক ও যোগাযোগমন্ত্রী তার নিজকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন।
মন্ত্রী বলেন আরও বলেন, কিন্তু যারা সংবিধানবিরোধী কাজ করে এবং বিদেশি বন্ধু খুঁজে বেড়ায় তাদের সঙ্গে কাক্ষিত সেই রাজনৈতিক সংলাপের কোনো সুযোগ নেই। কারণ তারা দেশের মানুষের চেয়ে বিদেশিদের বেশি গুরুত্ব দিচ্ছেন।
এর আগে ভারতীয় হাইকমিশনার পঙ্কজ শরণের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন তিনি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে লতিফ সিদ্দিকী বলেন,যারা সংবিধান ও দেশের জনগণের কাছে আস্থাশীল কেবল তাদের সঙ্গেই সংলাপ ও সমঝোতা হতে পারে। সমস্যার সমাধান হতে পারে। কিন্তু যারা দেশের সর্বোচ্চ আইন সংবিধান মানেন না তাদের সঙ্গে কিসের সংলাপ। সংলাপে আমাদের আকুতি ও আগ্রহ আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে কার সঙ্গে সংলাপ। তারপরও বলব সংলাপের ব্যাপারে সরকারের সঙ্গে যে কেউ কথা বলতে পারেন। আমরা মনে করি জনগণেরও সরকারের সঙ্গে কথা বলার অধিকার রয়েছে।
মন্ত্রী আরও জানান,ভারতীয় হাইকমিশনার সৌজন্য সাক্ষাতে তাকে মন্ত্রী হিসেবে শুভেচ্ছা জানিয়েছেন। সেই সঙ্গে তার মাধ্যমে প্রধানমন্ত্রীকেও শুভেচ্ছা জানিয়েছেন।