কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, একটি স্বাধীন দেশে মুক্তিযোদ্ধা হিসেবে একজন পাকিস্তানী সহযোগী ও প্রকৃত অপরাধীকে পরিচয় করিয়ে দেয়ায় জন্য আমাকে পুরস্কৃত করা উচিৎ ছিল। অথচ তা না করে আইনের নামে আমার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করা হয়েছে।
বুধবার বিকালে মোহাম্মদপুরে নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে এসব মন্তব্য করেন তিনি।
উল্লেখ্য, আওয়ামী লীগ নেতা মহিউদ্দীন খান আলমগীরের পক্ষে দায়ের করা মানহানির একটি মামলায় কাদের সিদ্দিকীর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন আদালত।
মুক্তিযোদ্ধা রুহুল আমিন মজুমদার মানহানির মামলাটি দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, কাদের সিদ্দিকী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীরকে উদ্দেশ্য করে বলেছিলেন, ‘তিনি রাজাকার হয়ে যুদ্ধাপরাধীদের বিচার কিভাবে করছেন?’
কাদের সিদ্দিকীর ওই বক্তব্যে বাদীর সুনাম ক্ষুণ্ণ হয়েছে বলে ২০১৩ সালের ১৯ ফেব্রুয়ারি মামলাটি দায়ের করা হয়।
জেএ





