বাংলাদেশকে একটি  বিচারহীন দেশ হিসেবে  আখ্যা  দিয়ে সংবিধান বিশেষজ্ঞ ড.শাহদীন মালিক  বলেছেন ,এ দেশকে মগের মুল্লুক হতে দেব না।
বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে  রানা প্লাজায় সাজেদুল ইসলাম সুমনসহ নিখোঁজ হওয়া সকলের সন্ধানের দাবীতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। সংবাদ সম্মেলনটি আয়োজন করেন গুম হওয়া আসহায় ৮ সদস্যের পরিবারবর্গ।
তিনি বলেন,এ দেশটা এত বড় বিচারহীন দেশে পরিনত হবে তা আমরা দু:স্বপ্নেও ভাবিনি।গত  কয়েক বছর ধরে বিনা বিচারে হত্যা,গুম আর অপহরণের সংখ্যা দ্রুত বেড়েই চলছে।এ দেশটা কান্নার জন্য স্বাধীন হয়নি।
সরকারের উদ্দেশ্যে তিনি বলেন,যদি মনে করেন আমাদের ভদ্র ভাষার প্রতিবাদ উপেক্ষা করবেন তাহলে আপনারা  মগের মুল্লুকে আছেন।
পুলিশকে উদ্দেশ্য করে শাহদীন মালিক বলেন,এর পরে যাতে না শুনতে হয় আপনারা মামলা নিচ্ছেন না।আপনারা জনগণের টাকায় জনগণের নিরাপত্তা দিবেন এটা আপনাদের দায়িত্ব।
তিনি আরও বলেন ,রাষ্ট্রযন্ত্রের কাছে আকুল আবেদন জানাই গুম হওয়া সদস্যদের দ্রুত তাদের পরিবারের কাছে ফিরিয়ে দিন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শাহদীন মালিক বলেন,ফৌজদারী আইনে আছে কোন আসামীকে আটকের পর ২৪ ঘন্টার মধ্যে আদালতে হাজির করতে হয় ।আর  সু-নির্দিষ্ট কারন ছাড়া কোন আসামীকে গ্রেফতার করা যায় না।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সুলতানা কামাল ,গণস্বাস্থ্য ট্রাস্টের প্রতিষ্ঠাতা অধ্যাপক জাফরুল্লাহ চৌধুরী ওসাজেদুল ইসলাম সুমনের পরিবারসহ গুম হওয়া অন্যান্য সদস্যদের পরিবারবর্গ।
[b]ঢাকা, এমআর, ২৪ এপ্রিল (টআমনিউজবিডি.কম) // কেবি[/b]