৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’র সমাবেশ করতে বিএনপির জন্য অবশেষে খুলে দেয়া হয়েছে মহানগর নাট্যমঞ্চ।

শুক্রবার (০৮ নভেম্বর) বিএনপির এই সমাবেশের অনুমতি দিয়েছে পুলিশ, কিন্তু সিটি করপোরেশনের পক্ষ থেকে অনুমতি মিলছিল না।

তাই খোলা মাঠেই সমাবেশ করার প্রস্তুতি নিচ্ছিল বিএনপি। তবে দুপুর সোয়া ৩টার দিকে নাট্যমঞ্চের গেট খুলে দেয়া হয়।

সমাবেশের জন্য সোহরাওয়ার্দী উদ্যান এবং নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে- এ দুই জায়গার নাম প্রস্তাব করেছিল বিএনপি।

কিন্তু পুলিশের পক্ষ থেকে মহানগর নাট্যমঞ্চে জনসমাবেশ করার অনুমতি দেয়া হয়।

শুক্রবার দুপুর ২টা থেকে সমাবেশের অনুমতি থাকলেও নাট্যমঞ্চের গেটে তালা ঝুলেছে সোয়া ৩টা পর্যন্ত।

বিএনপি নেতারা জানান, ৩১ অক্টোবর সিটি করপোরেশনের কাছে লিখিত অনুমতি চাওয়া হয়েছিল।

এর আগে বুধবার (৬ নভেম্বর) দুপুর ২টার দিকে সমাবেশের অনুমতি চাইতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কার্যালয়ে যান বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ও সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ।

এসময় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার ও কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) প্রধান মনিরুল ইসলাম বিএনপিকে ৮ নভেম্বর সমাবেশের অনুমতি দেন। ওই দিনই অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ নিশ্চিত করেন।

তিনি বলেন, আমরা শুক্রবার অনুমতির জন্য ডিএমপির অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলামের কাছে গিয়েছি। সমাবেশের জন্য সোহরাওয়ার্দী উদ্যান এবং নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে- এই দুই জায়গার নাম প্রস্তাব করেছি।

কিন্তু পুলিশের পক্ষ থেকে আমাদের মহানগর নাট্যমঞ্চে জনসমাবেশ করার অনুমতি দেয়া হয়েছে। শুক্রবার (৮ নভেম্বর) বাদ জুমা আমাদের জনসমাবেশ শুরু হবে।

এমবি