“আমরা আর কেউ ২০১৪ সালের ৫ জানুয়ারি মার্কা নির্বাচন চাই না। আমরা চাই দেশের মালিক জনগণ যেন নিজেদের সাংবিধানিক ও নাগরিক অধিকার প্রদান করতে পারে। তাঁরা যেন ভোটের মাধ্যমে নিজেদের প্রতিনিধি নির্বাচন করতে পারে, যে ভোট হবে সব দলের অংশগ্রহণে; নিরপেক্ষ সরকারের অধীনে।” বললেন গণফোরামের সভাপতি ও সংবিধানের অন্যতম প্রণেতা ড. কামাল হোসেন।

আজ (শুক্রবার) জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে স্বাধীনতার পতাকা উত্তোলন দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ড. কামাল এসব কথা বলেন।

আইনজ্ঞ ড. কামাল বলেন, “রাষ্ট্রের মালিক দেশের জনগণ। সংবিধান মানুষকে সে অধিকার দিয়েছে। কিন্তু একদলীয় শাসকরা সেটি হরণ করেছে। আমাদের মাঝে ঐক্য তৈরি করতে হবে।”

ড. কামাল আরও বলেন, “এ দেশ স্বাধীন হয়েছে তার মালিক জনগণের জন্য। এ দেশে কোনো একদলীয় শাসন, একনায়কতন্ত্র সরকারের জন্য নয়। পাকিস্তানিদের কাছ থেকে স্বাধীনতার পর যে সংবিধান প্রণয়ন করা হয়েছে তাতেই স্পষ্ট করেই এটা বলা আছে।”

গণফোরাম নেতা বলেন, “আমি দেশের মানুষকে বলব আপনারা নেমে আসুন, মালিকের ভূমিকায় অবতীর্ণ হন। কারণ এ রাষ্ট্র আপনাদের আপনারা রাষ্ট্রের মালিক। এসব আমার মুখের কথা না। স্বাধীন দেশে যে সংবিধান প্রণয়ন করা হয়েছে সে সংবিধানে নাগরিকদের এ অধিকার দেওয়া হয়েছে।”

তিনি আরও বলেন, “দেশের মানুষের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যৎ সামনের দিকে আসছে। কৃষি, পোশাক ও বিদেশি রেমিট্যান্স বাড়ছে। যার মাধ্যমে দেশের অর্থনীতি সমৃদ্ধ হচ্ছে। কিন্তু কিছু লোক দেশের টাকা বাইরে পাচার করছে? কিন্তু কেন করছে তা আমার জানা নেই। দেশে কি বিনিয়োগের কোনো সুযোগ নেই? এসব রুখতে হলে দেশের জনগণকে মালিকের ভূমিকায় নামতে হবে। কারণ রাষ্ট্রের মালিক আপনারা জনগণ।”

সভায় আরও বক্তব্য দেন সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরী, জাসদ (রব) আ স ম আবদুর রব, গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডা. জাফরউল্লাহ চৌধুরী, নাগরিক ঐক্যের সাভাপতি মাহমুদুর রহমান মান্না।

এমবি