বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য, ঢাকা মহানগরীর দক্ষিণের আমির জননেতা নূরুল ইসলাম বুলবুল বলেছেন, দেশ জাতি ও রাষ্ট্র গঠনে যুবক ও তরুণেরাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। অথচ আমাদের দেশে তারাই সবচেয়ে বেশি অবহেলিত। তাদের মেধার বিকাশে রাষ্ট্রের কার্যকর কোনো উদ্যোগ নেই। বরঞ্চ যুবকদের মেধা ও চরিত্র ধ্বংসের যাবতীয় আয়োজন সম্পন্ন হয়ে আছে।
তিনি বলেন, নিজেদের চরিত্রকে হেফাজত করতে যুবকদেরকে রাসূল সা:-এর জীবনী সম্পর্কে জানতে হবে। তাঁর জীবনচরিত থেকে শিক্ষা নিয়ে যদি কোনো তরুণ-যুবক চলতে পারে তাহলে অবশ্যই সে সফলকাম হবে। রাসূল সা: যুবকদের সবচেয়ে বেশি ভালোবাসতেন। মাত্র দশ বছরে তিনি একটি দেশে ইসলামী বিপ্লব সংঘটিত করেছিলেন। রাসূল সা:-এর সাথীদের অধিকাংশই তরুণ ও যুবক ছিলেন। অতএব মানবতার মুক্তির জন্য রাসূলের আদর্শকে ধারণ করে একটি ঐতিহাসিক বিপ্লব সৃষ্টি করতে আমি যুব সমাজের প্রতি আহ্বান জানাচ্ছি।
সোমবার (১৮ জুলাই) চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের আংগারিয়াপাড়া গ্রামে আয়োজিত ঈদ পুনর্মিলনী ও ‘আংগারিয়াপাড়া প্রিমিয়ার লীগ-২০২২’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মোখলেসুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী শরিফুল ইসলাম, মোফাজ্জল হোসেন, মাসুদ রানা ও বাবুল আক্তার। আংগারিয়াপাড়া যুব সংঘের উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় ‘সিয়াম ওয়ারিয়র্স’।
নুরুল ইসলাম বুলবুল বলেন, খেলাধূলা ও শরীর চর্চার মাধ্যমে সুস্থ থেকে আল্লাহর দেয়া বিধান অনুযায়ী ইসলামের হুকুম-আহকাম পালনে তরুণদেরকে আরো বেশি সক্রিয় থাকতে হবে। তরুণ ও যুবক বয়সের আমল আল্লাহ রাব্বুল আলামীনের কাছে অত্যধিক প্রিয়।
তিনি আরো বলেন, আজ যুবসমাজের অধিকারকে হরণ করা হয়েছে, তারা তাদের নেতৃত্ব সৃষ্টির উন্মুক্ত পরিবেশ পাচ্ছে না। তাদের উপর জোর করে সবকিছু চাপিয়ে দেয়ার চেষ্টা করা হচ্ছে। এসব যুবক গত তিনবারের নির্বাচনে নিজের ভোট বা সমর্থন দেয়ার সুযোগ পায়নি। তাই সকল প্রকার জুলুমের অবসান ঘটিয়ে দেশ ও জাতির কল্যাণে এবং নিজের ন্যায্য অধিকার আদায়ে যুবকদেরকে বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে।
এছাড়াও জননেতা নূরুল ইসলাম বুলবুল এবারের ঈদুল আজহা-পরবর্তী সময়ে চাঁপাইনবাবগঞ্জ সদর থানার বালিয়াডাঙ্গা ইউনিয়ন, রানীহাটি ইউনিয়ন, গোবরাতলা ইউনিয়নসহ বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে যুবকদের নিয়ে ঈদ পুনর্মিলনী, প্রীতিভোজ, মতবিনিময় সভাসহ বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। প্রেস বিজ্ঞপ্তি
এমআর





