বাজেটে যেটুকু বরাদ্দ হয় সর্বগ্রাসী দুর্নীতি, লুটপাটের কারণে সেটুকুর উপকারও জনগণের কাছে পৌঁছায় না বলে জানিয়েছেন বিএনপির সংরক্ষিত আসনের সাংসদ রুমিন ফারহানা।

তিনি আরও বলেন, লুটপাট বন্ধ আর সরকারের দক্ষতা বৃদ্ধি করতে পারলে এই বাজেট বরাদ্দেও জনগণ অনেক কিছুই পেতে পারত।

মঙ্গলবার (১৫ জুন) জাতীয় সংসদে ২০২১-২২ অর্থবছরে প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে রুমিন ফারহানা এসব কথা বলেন।

বিএনপির এই সাংসদ বলেন, সরকার যদি হয় ‘বাই দ্য লুটারস, ফর দ্য লুটারস, অব দ্য লুটারস’ তাহলে বাজেটও হবে লুটেরা রক্ষারই বাজেট। তাতে জনগণের অংশীদারত্ব থাকবে না।

রুমিন ফারহানা বলেন, সরকারের দিক থেকে বাজেট একেবারে ঠিক আছে। ক্ষমতায় থাকতে যাকে প্রয়োজন, তার জন্যই তো বাজেট হবে। ক্ষমতায় থাকতে জনগণের ম্যান্ডেট লাগলে জনগণকে খুশি করতে হবে, আর ক্ষমতায় থাকতে যদি প্রয়োজন হয় কিছু ব্যবসায়ী আর আমলা, তাহলে তাদের জন্যই বাজেট হবে; হয়েছেও সেটা।

তিনি বলেন আপনার হাতে যে পরিমাণ সম্পদ আছে, সেটা আপনি ‌ব্যয় করবেন আপনার প্রায়োরিটি অনুযায়ী, আপনার যাদের প্রয়োজন তাদের পেছনে।

এমবি