এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ আনলেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। তিনি বলেন, পাকিস্তান ও যুক্তরাষ্ট্র বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আমরা লাখ লাখ শহীদের রক্তের বিনিময়ে দেশ স্বাধীন করেছি। তাদের কোন ষড়যন্ত্র সফল হবে না।

বৃহস্পতিবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের ১ নম্বর গেটে সম্মিলিত আওয়ামী সমর্থকজোট আয়োজিত ২০ দলের হরতাল-অবরোধ বিরোধী এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

আগামীকাল ৬ ফেব্রুয়ারি (শুক্রবার) এসএসসি পরীক্ষা শুরু হবে। পরীক্ষার্থী ও অভিবাবকদের নিরাপত্তার জন্য পরীক্ষার কেন্দ্র পাহাড় দিবে ঢাকা মহানগর ১৪ দল।

মায়া বলেন, অনেক বুদ্ধিজীবীরা খালেদা জিয়াকে ও শেখ হাসিনাকে সাথে তুলনা করেন। তাদের উদ্দেশ্যে বলছি- প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের নেত্রী। আর খালেদা জিয়া সন্ত্রাসের নেত্রী। তাই শেখ হাসিনার সঙ্গে খালেদা জিয়ার তুলনা হতে পারে না। খালেদার তুলনা হবে পাকিস্তানের সঙ্গে।

সংগঠনের সভাপতি ও ঢাকা মহানগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক আব্দুল হক সবুজের সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি এম এ আজিজ, যুগ্ম সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, উপ-দপ্তর সম্পাদক মো: জামাল উদ্দিন প্রমুখ।

এমআর, জেএ