খালেদা জিয়া তার দুর্নীতির মামলা থেকে বাঁচতে ও প্রধানমন্ত্রীকে হত্যার ষড়যন্ত্র করতে লন্ডনে যেতে চাচ্ছেন বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান।

মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন প্রজন্ম মঞ্চ আয়োজিত ‘জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

শাহজাহান খান বলেন, উনি (খালেদা জিয়া) বুঝতে পেরেছেন তার দুর্নীতি মামলার রায় কিছুদিনের মধ্যে হতে যাচ্ছে। তাই তিনি লন্ডন পালিয়ে যেতে চাচ্ছেন। পালিয়ে গিয়ে তিনি তার পুত্র জঙ্গিবাদের মাফিয়া ডন তারেক রহমানের সাথে প্রধানমন্ত্রীকে হত্যার ষড়যন্ত্র করবেন।

তিনি দেশে আর নাও ফিরতে পারেন। এ জন্য এই ষড়যন্ত্র রুখতে আমাদের সকলকে একসাথে ঐক্যবদ্ধ হতে হবে।

বিএনপির মুলনীতি ভণ্ডামি আর দুর্নীতি উল্লেখ করে তিনি বলেন, দেশের উন্নয়ন তাদের চোখে পরে না, তাদের নেত্রীর যেমন দুটি গুন আছে, মিত্যাচার আর মানুষ খুন তেমনি দলটিরও মুলনীতি হল ভণ্ডামি আর দুর্নীতি।

খালেদা জিয়াকে খারাপ জীনে ধরেছে মন্তব্য করে নৌ পরিবহন মন্ত্রী আরও বলেন, তার জিন ছোটাতে হবে। জীন ছোটানোর জন্য মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিকে আন্দোলন করতে হবে।

খালেদার জিয়ার ১৫ আগস্ট জন্মদিন পালনের সমালচনা করে তিনি বলেন, তার ১৫ আগস্ট জন্মদিন পালন মিথ্যা, ভুয়া। এবার তিনি ১৫ আগস্ট রাতে কেক কাটেনি। মনে করেছিলাম তার সুমতি হয়েছে, কিন্তু তিনি শেষ সময়ে কেক কাটলই। এটা তার ভণ্ডামি ছাড়া আর কিছুই নয়।

আনুষ্ঠানিকভাবে অবরোধ প্রত্যাহার করেনি খালেদা জিয়া। হরতাল-অবরোধের বিরুদ্ধে আমাদের সম্মিলিত আন্দোলনের কারনে তাদের এ কর্মসূচী বানচাল হয়ে গেছে।

আলোচনা সভায় আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আবদুল মালেক মিয়ার সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি আহমেদ সাইফুল সুজা, আমরা মুক্তিযোদ্ধা সন্তানের সভাপতি মুজিবুর রহমান, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা প্রমুখ।

এমএ/এসএইচ