পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য শাহরিয়ার আলমকে কটূক্তির অভিযোগে রেজাউল করিম নিজল নামের স্থানীয় এক স্বেচ্ছাসেবকলীগ নেতাকে মারপিট করা হয়েছে।
বৃহস্পতিবার রাত ১২টার দিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর উপজেলার আড়ানী পৌরসভার চকসিংড়া গ্রামের বাড়িতে এ ঘটনা ঘটে। এ সময় নেতা-কর্মীরা লাঞ্ছনার শিকার ওই নেতাকে প্রতিমন্ত্রীর বাড়ি থেকে বের করে দেন।
রেজাউল করিম বাঘা উপজেলার বাউসা ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক বলে জানা গেছে।
তবে ঘটনার শিকার রেজাউল করিম নিজল দাবি করেন, গত ৫ জানুয়ারি সংসদ নির্বাচনে মন্ত্রীর প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রায়হানুল হক রায়হানের সমর্থক ছিলেন তিনি। তিনি ওই নির্বাচনে বিদ্রোহী প্রার্থীর হয়ে ধন্দহ-অমরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে এজেন্টের দায়িত্ব পালন করেন। এতে ক্ষিপ্ত হয়ে আড়ানী পৌরসভার ২নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক জামরুল ইসলামের নেতৃত্বে নেতা-কর্মীরা তার ওপর হামলা চালিয়েছে। মন্ত্রীকে কোনো কটূক্তি করা হয়নি বলেও দাবি করেন তিনি।
এ বিষয়ে যোগাযোগ করা হলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানান, তিনি ক্লান্ত থাকায় রাতে বিশ্রামে ছিলেন। রাত ১২টার আগেই ঘুমিয়ে পড়েছিলেন তিনি। ফলে নেতা-কর্মীদের সঙ্গে সাক্ষাতের সুযোগ হয়নি। বাড়ির বাইরে কি হয়েছে তা তার জানা নেই বলে জানান প্রতিমন্ত্রী।
ঢাকা, ২১ জুন(টাইমনিউজবিডি.কম)//এনএস





