চলমান আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করতে সরকার পরিকল্পিতভাবে ২০ দলকে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে জঙ্গী ও সন্ত্রাসী সংগঠন হিসেবে পরিচিত করতে চাচ্ছে বলে অভিযোগ করেছেন জামায়াতের সেক্রেটারি জনোরেল ডা: শফিকুর রহমান। বৃহস্পতিবার বিকালে এক বিবৃতিতে তিনি এ অভিযোগ করেন।

বিবৃতিতে তিনি বলেন, ২০ দলের সঙ্গে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীর ও আইএসসহ আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠীর যোগসূত্র থাকার অসত্য, বানোয়াট কল্পকাহিনী প্রচার করে জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছে সরকার। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলতে চাই, জোটের কোন শরীক দলের সাথে সন্ত্রাস, নাশকতা ও মানুষ পুড়িয়ে হত্যা করা এবং কোন নিষিদ্ধ জঙ্গি সংগঠনের যোগসূত্র নেই।

তিনি 'স্বৈরাচারী' সরকারের অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে জোটের নেতৃত্বে শান্তিপূর্ণ গণ-আন্দোলন অব্যাহত রেখে সরকারকে পদত্যাগে বাধ্য করার জন্য দেশবাসীর প্রতি আহব্বান জানান।

ডা: শফিকুর রহমান বলেন, সরকার একগুয়েমীর আশ্রয় নিয়ে দেশকে সংঘাত ও নৈরাজ্যের পথে ঠেলে দিচ্ছে। জাতিসংঘ ও ইউরোপীয়ান ইউনিয়নসহ আন্তর্জাতিক মহল বিরাজমান সংকট নিরসনের জন্য সরকারকে বার বার সংলাপের তাগাদা দেয়া সত্ত্বেও সরকার তা অগ্রাহ্য করে সন্ত্রাসের পথ বেছে নিয়েছে।

তিনি বলেন, সরকারই আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে নির্বিচারে গুলি করে মানুষ হত্যা ও গুম করছে। মানুষের বাড়ি-ঘরে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করছে। সরকারী দলের সন্ত্রাসীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় বাসে এবং ট্রাকে বোমা মেরে মানুষ পুড়িয়ে হত্যা করছে।

তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কুমিল্লার চৌদ্দগ্রামের জামায়াত নেতা রফিকুল ইসলাম মুবারক ও ছাত্রশিবির নেতা মো: তোফায়েলসহ তিনটি বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করেছে। যুবলীগের সন্ত্রাসীরা রাজশাহী মহানগরী জামায়াতের আমীর অধ্যাপক ড: আবুল হাসেমের বাড়ীর সামনে বোমা ফাটিয়ে ব্যাপক সন্ত্রাস সৃষ্টি করেছে। সরকারের মিথ্যা প্রচারণায় বিভ্রান্ত না হয়ে সকল কর্মসূচী শান্তিপূর্ণভাবে সর্বাত্মক সফল করে সরকারের পতন ঘটিয়ে দেশের জনগণকে মুক্ত করার আহব্বান জানান তিনি।

এমকে,জেএ