জামায়াতে ইসলামির নেতৃবৃন্দকে হত্যা করার জন্য সরকার অস্থির হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান।

সোমবার গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে একথা জানান তিনি।

বিজ্ঞপ্তিতে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামানের মৃত্যুদণ্ড বহাল রাখার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত বিক্ষোভে পুলিশি হামলার প্রতিবাদ জানান তিনি।

ডা. শফিক বলেন, মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলায় মুহাম্মদ কামারুজ্জামানকে দণ্ডিত করে হত্যার সরকারি ষড়যন্ত্রের প্রতিবাদে ও তার মুক্তির দাবিতে জামায়াতে ইসলামীর চলমান হরতাল কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালনকালে বিক্ষোভ মিছিলে পুলিশ হামলা চালিয়েছে।

ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, যশোরসহ সারাদেশ থেকে সোমবার দুই শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। সরকার জনগণের গণতান্ত্রিক অধিকার মিছিল, মিটিং ও সমাবেশে বাধার সৃষ্টি করে জনগণকে জিম্মি করে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দকে হত্যা করার জন্য অস্থির হয়ে পড়েছে।

তিনি বলেন, সরকারের অগণতান্ত্রিক, স্বৈরাচারী ও ফ্যাসিবাদী কর্মকাণ্ডের বিরুদ্ধে জনগণ আজ ঐক্যবদ্ধ। রাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনীকে দলীয় ক্যাডারের মত ব্যবহার করে জামায়াতে ইসলামীকে নিশ্চিহ্ন করার যে পরিকল্পনা সরকার গ্রহণ করেছে তা কখনো বাস্তবায়ন করতে পারবে না। দেশের জনগণ সরকারের চক্রান্ত গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রতিরোধ করবে।

তিনি সরকারের ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশের আপামর জনতাকে ঐক্যবদ্ধভাবে গণপ্রতিরোধ গড়ে তোলার আহবান জানান এবং সেই সাথে জামায়াতের সিনিয়র সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানসহ জামায়াতে ইসলামীর শীর্ষ নেতৃবৃন্দকে অবিলম্বে মুক্তি প্রদান করার জন্য সরকারের প্রতি আহবান জানান।

জেআই