চট্টগ্রামে যুবলীগ নেতা নুর মোস্তফা টিনুকে অস্ত্রসহ আটক করেছে র্যাব। টিনু সন্ত্রাস-চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধের কারণে চট্টগ্রামে আলোচিত।
রোববার রাত ১১ টার দিকে টিনুকে নগরীর চকবাজার থানার কাপাসগোলা এলাকা থেকে আটক করা হয়। এরপর ওই এলাকায় তার বাসা ও ব্যবসা প্রতিষ্ঠান ঘিরে তল্লাশি চালায় র্যাব।
বাদুরতলা এলাকায় অবস্থিত টিনুর বাসায় রাত ১২টা থেকে প্রায় ৩ ঘণ্টা ধরে অভিযান চালায় র্যাব-৭। রাত ১২টা থেকে ৩টা পর্যন্ত চলা এ অভিযানে টিনুর বাসা থেকে একটি অবৈধ বিদেশি শটগান এবং ৬৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
এর আগে রাত ১২টার দিকে চকবাজারের কাপাসগোলা এলাকা থেকে একটি পিস্তল এবং ৫ রাউন্ড গুলিসহ নূর মোস্তফা টিনুকে আটক করে র্যাব-৭। এ সময় জসিম উদ্দিন নামে তার এক সহযোগীকেও আটক করা হয়।
র্যাব-কর্মকর্তারা জানান, পিস্তলসহ আটকের পর টিনুর বাসায় অভিযান চালায় র্যাব। তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাসা থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
যুবলীগের কোনো পদ-পদবী না থাকলেও সংগঠনটির নেতা পরিচয় দিয়ে নগরের চকবাজার এলাকায় চাঁদাবাজির অভিযোগ রয়েছে নূর মোস্তফা টিনুর বিরুদ্ধে।
এএস





