বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আগুন নিয়ে খেললে সে আগুনে নিজেদের হাতই পুড়ে যাবে। চলমান নৈরাজ্য বন্ধ করে দেশে শান্তি ফিরিয়ে আনা হবে। জনগণের ভাগ্য নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেয়া হবে না।

বুধবার রাতে গণভবনে জাতীয় মহিলা ক্রিকেট দলের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, আগুন নিয়ে যারা খেলতে যায়, তাদের হাত আগুনেই পুড়ে যায়। এটাই হলো বাস্তবতা। নিজেদের আগুনে নিজেদের যে পুড়তে হয় সে ঘটনাও তো ঘটেছে।

প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনে না এসে বিএনপি ভুল করেছে। এখন মানুষের ওপড় প্রতিশোধ নিচ্ছে, মানুষকে পুড়িয়ে মারছে। আমরা চাই দেশের শান্তি ফিরে আসুক, এদের (বিএনপির) সুমতি হোক, আর এই আগুন নিয়ে খেলা যেন তারা বন্ধ করে।

কোনো প্রসঙ্গ না টেনে প্রধানমন্ত্রী বলেন, তারা ইচ্ছাকৃতভাবেই ঘটনাটি ঘটিয়ে থাকতে পারেন, আগামীতে হরতাল দেওয়ার জন্য। ১৫ তারিখে হরতালের কারণ, ওইদিন এতিমখানার টাকা চুরির মামলার তারিখ। মামলার তারিখ দেখলেই তার (খালেদা জিয়া) মাথা খারাপ হয়ে যায়।

এ সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনসহ বোর্ডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এমআর