অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, “কোটা অবশ্যই থাকবে। তবে এটাকে সংস্কার করতে হবে। এখন কোটায় সব পাওয়া যায় না। ফলে মেধা কোটা থেকেই নিতে হয়। এ অবস্থায় সংস্কার করা জরুরি। আগামী বাজেট অধিবেশনের পরই কোটা সংস্কার করে ৫৬ শতাংশ থেকে যৌক্তিক পর্যায়ে আনা হবে।”

আজ (মঙ্গলবার) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা বলেন অর্থমন্ত্রী। এ বছরের বাজেট অধিবেশন কবে শুরু হবে তা এখনো জানা যায়নি। তবে গত বছরের ৩০ মে বাজেট অধিবেশন শুরু হয়ে ১৩ জুলাই পর্যন্ত চলে।

গতকাল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের কোটা সংস্কার আন্দোলনকারীদের আগামী ৭ মের মধ্যে এই সমস্যার সমাধান করার আশ্বাস দিয়েছিলেন। তিনি বলেছিলেন, “মে মাসের ৭ তারিখের মধ্যে আমরা পরীক্ষা-নিরীক্ষা করছি, দেখছি কী দাঁড়ায়।”

আবুল মাল আবদুল মুহিত আরও বলেন, “আমি প্রধানমন্ত্রীকে বলেছি, এখন কোটা সংস্কার করা প্রয়োজন। আবার কোটা রাখাও প্রয়োজন। কেননা, অনগ্রসর জাতিগোষ্ঠীকে এগিয়ে নিতে কোটা রাখা প্রয়োজন এবং ইতিমধ্যেই প্রধানমন্ত্রী কোটা সংস্কারের বিষয়ে নির্দেশনা প্রদান করেছেন।”

দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ভ্যাট-ট্যাক্স নিয়েও অর্থমন্ত্রী বলেছেন বলেন,  “বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে ইনকাম ট্যাক্স দিতে হবে, ভ্যাট নয়। তাঁরা প্রচুর ইনকাম করে। কিন্তু ঠিকমতো ইনকাম ট্যাক্স দেয় না। তাঁরা দেখায় তাদের কোনো ইনকাম নেই। তাঁরা দেখায় বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো অলাভজনক প্রতিষ্ঠান। তাদের এই প্রচারণা ঠিক নয়।”

এমবি