করোনাভাইরাস ইস্যুতে বিএনপি রাজনীতি করছে না, বরং সরকারই উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।
আজ শনিবার দুপুরে ফার্মগেট এলাকায় সাধারণ মানুষের মধ্যে করোনাভাইরাস নিয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণের সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি এমন অভিযোগ করেন।
রুহুল কবির রিজভী বলেন, ‘করোনাভাইরাস মোকাবিলায় সারা বিশ্বের দেশগুলো অত্যন্ত গুরুত্ব দিয়ে ব্যবস্থা নিচ্ছে। আর গা ছাড়া ভাব দেখাচ্ছে আমাদের সরকার। করোনা আক্রান্ত দেশ থেকে ফেরা মানুষকে কোয়ারেন্টিনে যথাযথ কোনো ব্যবস্থা নেওয়া হয়নি কোনো হাসপাতালেই।’
বিমানবন্দর ও স্থলবন্দরগুলোতে করোনাভাইরাস শনাক্তের যন্ত্রপাতি অপ্রতুল বলেও অভিযোগ করেন রিজভী। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো সবচেয়ে ঝুঁকির মধ্যে আছে মন্তব্য করে স্কুল-কলেজ বন্ধের আহ্বান জানান তিনি। রিজভী বলেন, ‘সবচেয়ে মারাত্মক জায়গা তো এই স্কুল-কলেজ। এই নিষ্পাপ শিশুরা যদি আক্রান্ত হয়, তাহলে কী ভয়াবহ অবস্থা হবে। প্রত্যেক শিশুর বাবা-মা শঙ্কিত। কিন্তু সরকারের কোনো ব্যবস্থা নেই। কারণ, এই সরকারের জবাবদিহি নেই।’
বিএনপি করোনাভাইরাস নিয়ে রাজনীতি করছে—সরকারি দলের এমন বক্তব্য শুধু দায় এড়ানোর জন্য বলে মন্তব্য করেন রুহুল কবির রিজভী।
এমআর





