বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ‘অশান্তি বিবি’ আখ্যায়িত করে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, ‘তার(খালেদা জিয়া) শান্তি সহ্য হয় না। এজন্যে ঈদের পর তিনি আরেকবার চেষ্টা করবেন অশান্তি করতে।’

ঢাকা রিপোর্টার্স ইউনিটির গোল টেবিল মিলনায়তনে আমরা মুক্তিযুদ্ধের সন্তান, কেন্দ্রীয় কমিটি আয়োজিত ‘দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের প্রতিহত করুন’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

সাহারা খাতুন বলেন, ‘বিএনপি ঈদের পর তাদের সঙ্গী জামায়াতকে নিয়ে চোরাগোপ্তা হামলা করবে। মানুষ পুড়িয়ে মারবে। বিএনপির এসব কার্যক্রম দেশের মানুষ পছন্দ করে না।’

‘দেশে যারা অশান্তি সৃষ্টি করবে তাদের বিষ দাঁত ভেঙে দেয়া হবে। তাদের এমন শক্ত হাতে দমন করতে হবে যাতে তারা আর আন্দোলনের নাম করতে না পারে,’ বলেন সাবেক এই স্বরাষ্ট্রমন্ত্রী।

‘৫ জানুয়ারির নির্বাচনে অংশ না নিয়ে বিএনপি কত বড় ভুল করেছে তারা এখন তা বুঝতে পারছে’- এমন মন্তব্য করে সাহারা খাতুন বলেন, ‘দেশে উন্নয়নমূলক কাজ হচ্ছে। বিএনপির এটা সহ্য হয় না।’

আয়োজক সংগঠনের সভাপতি হুমায়ুন কবিরের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, ‘আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক এমএ করিম, আমরা মুক্তিযুদ্ধার সন্তান কেন্দ্রীয় কমিটির সাংগাঠনিক সম্পাদক এনামুল হক কাজল, প্রেসিডিয়াম সদস্য এমদাদুল হক, সংগঠনের নেতা জাহিদুল ইসলাম, নুরুজ্জামান ভুট্টু প্রমুখ।

ঢাকা, ১৯ জুলাই(টাইমনিউজবিডি.কম)//এনএস