রাজধানীসহ সারাদেশে হরতাল-অবরোধের শান্তিপূর্ণ মিছিলে পুলিশের গুলি, লাঠিচার্জ, গণগ্রেফতার, জামায়াত ও ছাত্রশিবিরসহ বিরোধী নেতাকর্মী এবং সাধারণ মানুষদের উপর আইনশৃঙ্খলা বাহিনীর নির্যাতন, বিচার বহির্ভূত হত্যা, আটকের পর থানায় নিয়ে পায়ে গুলি চালানোর ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী আমীর মাওলানা রফিকুল ইসলাম খান।
রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ প্রতিবাদ জানান।
তিনি বলেন, সরকারকে অগণতান্ত্রিক আচরণ বন্ধ করে অবিলম্বে নির্দলীয়-নিরপেক্ষ কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন দিতে হবে।
সেই সঙ্গে সরকারের নানা হয়রানি উপেক্ষা করে অবরোধ ও হরতালের সমর্থনে ২০ দলের মিছিলে জনগণ স্বতস্ফূর্তভাবে রাস্তায় নেমে আসায় তাদের অভিনন্দন জানান তিনি।
তিনি আরও বলেন, মুখচেনা কতিপয় মিডিয়াকর্মীর মিথ্যা বার্তবরণের উপর এই সরকার টিকে আছে। শিগগিরই তীব্র গণআন্দোলনের মুখে ক্ষমতাবানদের মর্মান্তিক বিদায় নিতে হবে। অনির্বায গণবিস্ফোরণের আতঙ্কেই সরকার বিভিন্ন সিটি কর্পোরেশনসহ স্থানীয় সরকারগুলোর নির্বাচিত জনপ্রতিনিধিদের বরখাস্থ করছে। এই চাতুরী করে দখলদার স্বৈরাচার তার পতন ঠেকাতে পারবেনা।
এমকে





