খালেদা জিয়াকে মানুষ মেরে নয়, ক্ষমতায় আসতে হলে জনগণের ভালোবাসা নিয়েই আসতে হবে বলে মন্তব্য করেছেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

শনিবার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে বঙ্গবন্ধু গবেষণা পরিষদ আয়োজিত ‘বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, সারা বিশ্বে মুক্তিযুদ্ধ বা সংগ্রাম ছাড়া অস্ত্রের মুখে ক্ষমতায় যাওয়ার ইতিহাস নেই’ খালেদা জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ক্ষমতায় আসতে পারবে না। জনগণের ভালবাসা নিয়ে ক্ষমতায় আসতে হবে।

মোজাম্মেল হক জানান, ‘স্বাধীনতা বিরোধীদের পরিপূর্ণ তালিকাই স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে সংরক্ষিত ছিলো, কিন্তু জামায়াত-বিএনপি সরকার ক্ষমতায় থাকাকালীন এসব সরিয়ে নেওয়া হয়েছে। তাই আবার নতুন করে দেশের থানা পর্যায়ে সকল স্বাধীনতা বিরোধীদের তালিকা করা হবে।’

তিনি বলেন, ‘বিশ্ব দরবারে বাংলাদেশ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে, আর এটা সহ্য করতে না পেরেই বেগম খালেদা হরতাল-অবরোধ হচ্ছে না জেনেও সাধারণ জনগণকে পুড়িয়ে মারছে।’

বঙ্গবন্ধু প্রমাণ করে গেছে বুলেটের চেয়ে ব্যালটের শক্তি বেশি এটা আবারও প্রমাণিত হবে বলেও জানান তিনি।

আলোচনা সভায় মূল প্রবন্ধ পাঠ করেন বঙ্গবন্ধু গবেষণা পরিষদের সভাপতি লায়ন মো. গনি মিয়া বাবুল।

এ সময় আরও বক্তব্য রাখেন- বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভানেত্রী আশরাফুন্নেছা মোশাররফ, একুশে পদকপ্রাপ্ত ভাষাসৈনিক লায়ন সামসুল হুদা, বাংলাদেশ কৃষি ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ ইসমাইল, সুিপ্রম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক অ্যাড. মমতাজউদ্দিন মেহেদী প্রমুখ।

জেএ