চট্টগ্রামের বাঁশখালীতে ৬ জন শ্রমিককে গুলি করে হত্যার ঘটনার নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শনিবার (১৭ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির সেক্রোটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এই নিন্দা জানান।

জামায়াতের সেক্রোটারি বলেন, “১৭ এপ্রিল সকাল ১০টায় চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় কয়লা বিদ্যুৎ কেন্দ্রে বেতন-ভাতার দাবিতে আন্দোলনরত শ্রমিকদের বিক্ষোভে গুলি করে ৬ জন শ্রমিককে হত্যা করা হয়েছে। আহত করা হয়েছে অনেককে। শ্রমিকগণ তাদের প্রাপ্য কাজের মজুরি দাবি করবেন এটিই স্বাভাবিক। এ জন্য শ্রমিকদের পাখির মত গুলি করে হত্যা করা সম্পূর্ণ অন্যায়, অমানবিক এবং অসাংবিধানিক। এটি সরকারের বাড়াবাড়ি ছাড়া আর কিছু নয়।”

অধ্যাপক গোলাম পরওয়ার বলেন, “মানুষের জানমালের নিরাপত্তা দেয়ার দায়িত্ব রাষ্ট্রের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। এভাবে নির্বিচারে মানুষ হত্যা করার লাইসেন্স দেশের সংবিধান তাদেরকে দেয়নি। আমরা এ নির্মম হতাকাণ্ডের নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। গুলিতে নিহত শ্রমিকদের প্রতি গভীর শোক প্রকাশ করছি। আমরা নিহতদের পরিবার ও আত্মীয়-স্বজনের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।”

জামায়াতের সাবেক এই এমপি বলেন, “শ্রমিকদের প্রাপ্য ন্যায্য বেতন-ভাতা পরিশোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং শ্রমিক হত্যার ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনী ব্যবস্থা ও নিহতদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান করার জন্য আমি সংশ্লিষ্ট মহলের প্রতি আহ্বান জানাচ্ছি।”প্রেস বিজ্ঞপ্তি

এমবি