আগামী জুলাই থেকে মুক্তিযোদ্ধাদের ১০ হাজার টাকা করে ভাতা দেয়া হবে বলে জানিয়েছেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
তিনি বলেন, গৃহহীন মুক্তিযোদ্ধাদের ১০ হাজার বাড়িঘর এবং যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের জন্য ২৮শ' বাড়ি-ঘর তৈরি করে দেয়া হবে।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে বাংলাদেশ শহীদ মিনার পরিবহনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মোজাম্মেল হক বলেন, প্রকৃত মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করণের কাজ ও অল্প দিনের মধ্যে সমাপ্ত করা হবে। প্রত্যেককে এমন একটি আইডি দেয়া হবে যাতে ৮ ধরণের সিকিউরিটি ডিভাইস থাকবে।
যা কোন ভাবেই নকল করা যাবে না। এতে করে বিশ্বের যে কোন স্থানেই যান না কেন তা কাজে লাগবে এবং কেউই এই কার্ডের নিরাপত্তা ভাঙ্গতে পারবে না বলে জানান মন্ত্রী।
শহীদ মিনার পরিবহন সম্পর্কে সংশয় প্রকাশ করে তিনি বলেন, আমি জানি না কি ভাবে এই পরিবহন চলবে, এর মালিকানা কার হবে। সরকারের না ব্যক্তি মালিকানাধীন হবে এই নিয়ে তিনি সংশয় প্রকাশ করেন।
বাংলাদেশ শহীদ মিনার পরিবহনের উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পরিবহনের চেয়ারম্যান আব্দুল কুদ্দুস শেখ, সুবেদার (অব:) মমতাজ উদ্দিন, পরিবহন মালিক মন্টু প্রমুখ।
এমএ/ এআর





