হুসেইন মুহম্মদ এরশাদের শারীরিক পরিস্থিতি নিয়ে জাপার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, এরশাদের উন্নত চিকিৎসার জন্য তাকে দেশের বাইরে নিয়ে যেতে প্রস্তুত আমরা।
তবে এখনই তাকে বিদেশে নিয়ে যাওয়ার প্রয়োজন নেই। তিনি এখন অক্সিজেন সাপোর্টে রয়েছেন।
আজ রোববার (৩০ জুন) বনানীতে জাতীয় পার্টির দলীয় অফিসে প্রেস ব্রিফিংকালে জিএম কাদের এ কথা বলেন।
তার আগে সাবেক এই সেনা শাসককে সম্মিলিত সামরিক হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউতে) রাখা হয়েছিল। গত বুধবার থেকে সিএমএইচে চিকিৎসাধীন রয়েছেন সাবেক এই রাষ্ট্রপতি।
জাতীয় পার্টি সূত্রে জানা গেছে, রোববার দুপুর থেকে তার শারীরিক অবস্থার হঠাৎ অবনতি ঘটে। গত শুক্রবার তার ভাই জিএম কাদের এরশাদের জন্য দোয়া চান দেশবাসীর কাছে। তখন অবশ্য তিনি চিকিৎসকদের বরাত দিয়ে জানিয়েছিলেন, তার ভাইয়ের অবস্থা আগের চেয়ে কিছুটা ভালো।
৯০ বছর পার করা সাবেক রাষ্ট্রপতি এরশাদ দীর্ঘদিন ধরে নানা রোগে ভুগছেন। গত ৩০ ডিসেম্বর নির্বাচনের আগে তিনি বিদেশ থেকে চিকিৎসা নিয়ে আসেন। এরপর নানা নাটকীয়তার মধ্য দিয়ে এরশাদ দলের উত্তরসূরী হিসেবে ছোট ভাই জি এম কাদেরকে নির্বাচন করেন।
উল্লেখ্য, ১৯৮২ সালের ২৪ মার্চ সামরিক শাসন জারির মাধ্যমে সেনাপ্রধান এরশাদ রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন হন। জিয়াউর রহমানের পথ ধরে তিনিও ক্ষমতায় থেকে গঠন করেন তার রাজনৈতিক দল জাতীয় পার্টি। ১৯৯০ সালের ৬ ডিসেম্বর গণঅভ্যুত্থানের কারণে ক্ষমতা ছাড়তে বাধ্য হন তিনি।
এএস





