রাজধানীসহ সারাদেশে জামায়াত-শিবির ও বিএনপির ১১৩ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

ঢাকা: ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ১৬ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা জামায়াত-শিবির ও বিএনপির নেতাকর্মী বলে জানা গেছে।

ডিএমপি সূত্র জানায়, তাদের বিরুদ্ধে বোমা হামলা ও নাশকতামূলক কর্মকাণ্ডেরসঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।
সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ জেলা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক শামীম রেজাকে (২৮) সলঙ্গা থানা পুলিশ গ্রেফতার করেছে।

সলঙ্গা থানার ওসি (তদন্ত) আনোয়ারুল ইসলাম জানান, রাত সাড়ে ৯টার দিকে চেকপোষ্ট বসিয়ে বগুড়া-নগরবাড়ী মহাসড়কের উল্লাপাড়া উপজেলার রানীনগর এলাকায় মোটরসাইকেল তল্লাশীকালে ছাত্রশিবির নেতা শামীম রেজাকে গ্রেফতার করা হয়।

বগুড়ায়: জেলা শ্রমিক দল সভাপতি আব্দুল ওয়াদুদ (৩৮) ও নন্দীগ্রাম উপজেলা জামায়াতের সহকারী নায়েবে আমির রুহুল আমিনসহ (৪০) ৩৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বগুড়া সহকারী পুলিশ সুপার (হেডকোয়ার্টার) গাজিউর রহমান সাগর জানান, বিশেষ অভিযান চালিয়ে নাশকতা, ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলার আসামী বগুড়া জেলা শ্রমিকদল সভাপতি ও নন্দীগ্রাম উপজেলা জামায়াতের সহকারী নায়েবে আমিরসহ ৩৯ জনকে গ্রেফতার করা হয়েছে।

খুলনা: রাতভর অভিযান চালিয়ে বিএনপি ও শিবিরকর্মীসহ পুলিশ ৪৭ জনকে আটক করেছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) বিশেষ শাখার এডিসি মনিরুজ্জামান মিঠু জানান, আটক ব্যক্তিদের মধ্যে ৬জন শিবির কর্মী ও ১জন বিএনপি কর্মী, বাকি ৪০জন বিভিন্ন মামলার আসামি।
চাঁদপুরে: বিএনপি-জামায়াতের ৮ কর্মীকে আটক করেছে পুলিশ।

ফরিদগঞ্জ, শাহারাস্তি ও মতলব দক্ষিণ উপজেলায় রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন— ফরিদগঞ্জ উপজেলার জাহিদ হোসেন (২৬), জহিরুল ইসলাম (৩০), মো. হাসান (২১), জাকির হোসেন (৩৫), মোশারফ হোসেন (৪২), শাহারাস্তি উপজেলার জহিরুল ইসলাম মাসুদ (২৮), মো. ইউনুছ মিয়া (২২) ও মতলব দক্ষিণ উপজেলার মো. সবুজ (২৫) ।

জেলা পুলিশ সুপার আমির জাফর আটককের বিষয়টি নিশ্চিত করে জানান, আটকদের থানা থেকে জেল হাজতে পাঠানো হবে।

সাতক্ষীরা: সাতক্ষীরায় সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের একটি বাড়ি থেকে জাহানারা বেগম (৪৮) ও মোছা. সুকতারা (৩৬) নামে জামায়াতের দুই নারী কর্মীকে আটক করেছে পুলিশ।

রাত ১টার দিকে উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের পাথরঘাটা গ্রামের আব্দুর রহমানের বাড়ি থেকে তাদের আটক করা হয়।

আটক জাহানারা বেগম ঝাউডাঙ্গা ইউনিয়নের আব্দুল বারীর স্ত্রী এবং মোছা. সুকতারা একই ইউনিয়নের ওয়ারিয়া গ্রামের গোলাম মোস্তাফার স্ত্রী।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইন চার্জ (ওসি) গোলাম রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

জেএ