বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিলের সাংগঠনিক রিপোর্টের ওপর আলোচনা করতে গিয়ে সাবেক ভূমি উপমন্ত্রী ও কেন্দ্রীয় বিএনপির স্বনির্ভরবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন,

‘আজকে আমরা যে আলোচনা করছি, যেমনভাবে নেতারা সামনে বসে আছেন। ঠিক তেমনি এই অনুষ্ঠানে ইলিয়াস আলীর মতো নেতার দরকার ছিল।কিন্তু আজকে ইলিয়াস আলীর মতো নেতার নাম কেউই নেননি।’

শনিবার সন্ধ্যায় বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিলের দ্বিতীয় অধিবেশনে ভাষণ দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

দুলু তার ভাষণে বলেন, ‘সরকার ইলিয়াস আলীকে কোথায়, কীভাবে রেখেছে তা আমরা জানি না। তিনি বেঁচে আছেন না মরে গেছেন তাও জানি না।’

খালেদা জিয়াকে উদ্দেশ করে দুলু বলেন, ‘যারা দলের সঙ্গে বেঈমানি করেছে, বিশ্বাসঘাতকতা করেছে তাদের বিচার করতে হবে। যারা ১৫ দিনের মধ্যে সরকার পতন ঘটনার কথা আপনাকে যারা বুঝিয়েছিল।

আন্দোলনের পর তারা মাঠে তো ছিলই না, এমনকি তাদের মোবাইলও বন্ধ ছিল। ২০১৪ সালের ৫ জানুয়ারি জাতীয় নির্বাচনের আগে-পরে যে আন্দোলন হয়েছিল, স্বাধীনতার পর এমন আন্দোলন আর হয়নি।

অথচ আন্দোলনের কোনো ফল পাওয়া যায়নি। কারণ, আন্দোলেন ডাক দিয়ে নেতাদের অনেকে ফোনও বন্ধ করে রেখেছিল। সে সব নেতাদের সম্পর্কে সচেতন থাকতে হবে।’

খালেদাকে উদ্দেশ করে তিনি আরো বলেন, ‘আপনি টিমের ক্যাপ্টেন, আপনি খেললে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে পারেন। শাসকদের উচ্ছেদ করার খেলায় যাদের দরকার তাদের এই টিমে নিতে হবে।’

প্রয়োজনে সময় নিয়ে সুচিন্তিত সিদ্ধান্ত নেয়ার আহ্বান জানান তিনি। পদ নিয়ে কেউ যেন ব্যবসা করার সুযোগ না পায় সেজন্য খেয়াল রাখার আহ্বানও জানান রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

এসএম