সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাডভোকেট মো. রহমত আলী ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)

আজ (১৬ ফেব্রুয়ারি) রোববার সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।

বিষয়টি নিশ্চিত করেছেন অ্যাডভোকেট রহমত আলীর ব্যক্তিগত সহকারী এসএম জাহাঙ্গীর আলম সিরাজী। তিনি জানান, দীর্ঘদিন তিনি ডায়াবেটিস ও কিডনি রোগে ভুগছিলেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর অ্যাডভোকেট রহমত আলী গাজীপুর-৩ (শ্রীপুর-ভাওয়ালগড়-পিরুজালী-মির্জাপুর) আসন থেকে ১৯৯১ সাল থেকে দশম সংসদ পর্যন্ত পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন।

অ্যাডভোকেট রহমত আলী ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের প্রবক্তা। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

তার মেয়ে রুমানা আলী টুসী একাদশ জাতীয় সংসদে ১৪নং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য।

এমবি