অর্থমন্ত্রী ও ড. আবুল বার‍াকাতের বিরোধকে ব্যক্তিগত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।

হানিফ বলেন, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। এটা কোনো রাজনৈতিক বিষয় নয় যে এ নিয়ে কথা বলতে হবে।

শুক্রবার বেলা ১২টায় কুষ্টিয়ায় নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ের আগে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

সংবিধান সংশোধন বিষয়ে তিনি বলেন, সংসদে যারা আছেন প্রত্যেকেই সংশোধনীর ব্যাপারে একমত প্রকাশ করবেন বলে প্রধানমন্ত্রী প্রচণ্ড আস্থাশীল। তারপরও আইন অনুযায়ী সব রাজনৈতিক দল, যারা সংসদে প্রতিনিধিত্ব করছেন তাদের সঙ্গে আলাপ-আলোচনা করা নৈতিক দায়িত্ব। এটা মনে করেই সব রাজনৈতিক দলের সমর্থন চেয়েছেন প্রধানমন্ত্রী।

হাসিনার ঘরে আগুন লেগেছে বিএনপি নেতা রফিকুল ইসলামের এমন মন্তব্যে তিনি বলেন, রফিকুল ইসলামরা হতাশাগ্রস্ত হয়ে অনেক প্রলাপ করেন।

আওয়ামী লীগের ঘরে আগুন লাগার সুযোগ নেই দাবি করেন হানিফ আরও বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে নেতাকর্মীরা ঐক্যবদ্ধ।

ঢাকা, ১২ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এএইচ