[justify]‘সরকারকে বৈধভাবে ক্ষমতাচ্যুত করা যাবে না’ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফের এমন বক্তব্যকে ‘উস্কানিমূলক’ বলে আখ্যায়িত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ্।
তিনি বলেন, ‘এই কথা বলে উনি বিএনপিকে, নাকি অন্য কোনো শক্তিতে উৎসাহিত করছেন? তার (আশরাফ) এই বক্তব্যের পরে ভবিষ্যতে কোনো অনাকাঙ্খিত ঘটনা ঘটলে এর দায়িত্ব তাদেরকেই নিতে হবে।’
রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে স্বাধীনতা ফোরাম আয়োজিত জিয়া পরিবারের বিরুদ্ধে ক্ষমতাসীনদের ‘মিথ্যাচার, অপপ্রচার ও ষড়যন্ত্রমূলক’ বক্তব্যের প্রতিবাদে অনুষ্ঠিত এক যুব সমাবেশে তিনি এসব কথা বলেন।
হান্নান শাহ্ বলেন,‘আপনারা নিজেরাই তো অবৈধভাবে ক্ষমতায় আঁকড়ে আছেন। তাহলে বৈধভাবে কীভাবে ক্ষমতা পরিবর্তিত হবে?’বিএনপি সব সময় সুষ্ঠু নির্বাচনের দাবি করছে। এর মাধ্যমে যারা ক্ষমতায় আসবে তারাই সরকার পরিচালনা করবে বলে দলটি বিশ্বাস করে।
তিনি আওয়ামী লীগের প্রতি আহ্বান জানিয়ে বলেন,‘এখানো সময় আছে, জনগণের ভাষা বুঝে নিজেদের দেওয়া কথা রাখুন। সেজন্য সব দলের অংশগ্রহণে দ্রুত একটি অবাধ নির্বাচনের ব্যবস্থা করুন।’
সংসদে ওসমান পরিবারের পক্ষে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্যেরও সমালোচনা করেন বিএনপির এ জ্যেষ্ঠ নেতা। তিনি বলেন, ‘শামীম ওসমানের বিরুদ্ধে হত্যাসহ অসংখ্য অভিযোগ আছে। প্রধানমন্ত্রী যখন সেই ব্যক্তির পাশে থাকার কথা বলেন, তখন রাষ্ট্র তার বিরুদ্ধে কীভাবে ব্যবস্থা নেবে?’
তিনি অভিযোগ করেন,‘প্রধানমন্ত্রীর প্রশ্রয় পেয়েই আওয়ামী লীগের ‘সন্ত্রাসীরা’ নির্দ্বিধায় দেশব্যাপী খুন, গুম, অপহরণ করছে। কারণ তারা জানে এসব অপরাধে তাদের কিছু হবে না।’
এ সময় নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনার সুষ্ঠু বিচার নিয়ে সন্দেহ প্রকাশ করেন বিএনপির এ নেতা।
আয়োজক সংগঠনের সভাপতি আবু নাসের রহমাতুল্লার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য আ ফ ম ইউসুফ হায়দার,  বিএনপির শিক্ষাবিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, নির্বাহী কমিটির সদস্য খালেদা ইয়াসমিন, জিয়া নাগরিক ফোরামের সভাপতি মিয়া মোহাম্মদ আনোয়ার প্রমুখ।
[b]ঢাকা, এমএইচ,০৮জুন (টাইমনিউজবিডি.কম)//এসএইচ[/b]
[/justify]