বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বলেছেন,দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্র্রী রিয়াজ রহমানের ওপর সরকারের সর্বোচ্চ মহলের নির্দেশে কোনো ব্যক্তি বা গোষ্ঠী গুলি চালিয়েছে। মানুষকে রক্তাক্ত করা এই সরকারের সঙ্গে আমাদের কোনো আলোচনা নেই।।

বুধবার দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি কার্যালয়ের সামনে আইনজীবীদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের এক আলোচনা সভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

বর্তমান সরকার ‘অনির্বাচিত’ উল্লেখ করে এই সরকারের সঙ্গে আলোচনায় বসার বিষয়টি নাকচ করে দিয়েছেন ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া । মুচলেকা দিয়ে বিএনপিকে আলোচনায় বসার শর্ত দিয়ে প্রধামন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমামের বক্তব্যের একদিন পর রফিকুল ইসলাম মিয়া এ কথা বলেন।

তিনি বলেন, সরকার ‘অবৈধভাবে’ ক্ষমতায় আছে। এই ‘অবৈধ’ সরকারের বিরুদ্ধে কথা বললে মামলা দিয়ে দেয়। ‘অনির্বাচিত’ সরকারের বিদায় চাই। তা না হলে দেশে গণতন্ত্র, মানবাধিকার রক্ষা পাবে না।

তিনি আবারও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দেওয়ার আহবান জানান।

বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা বৃহস্পতিবারের হরতাল সফল করতে আহবানও জানান রফিকুল ইসলাম মিয়া।

সমাবেশ বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, রফিকুল হক তালুকদার রাজা প্রমুখ বক্তব্য রাখেন।
জেআই