তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, জঙ্গিরা আজ মসজিদে নামাজরত মানুষদের ওপর হামলা চালাচ্ছে। এরা ধর্মের নামে ধর্ম পালনকারীদের বিরুদ্ধে যুদ্ধ করছে।
মঙ্গলবার গাইবান্ধার রাধাকৃষ্ণপুরে এসকেএস ইন হলে কমিউনিটি রেডিও 'সারাবেলা ৯৮.৮' এর সম্প্রচার কার্যক্রম উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
ইনু বলেন, ধর্মের নামে মানুষ হত্যা করে জঙ্গিরা দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। সকলকে ঐক্যবদ্ধ হয়ে মানুষরূপী এ দানবদের ঠেকাতে হবে।
জঙ্গিদের জাতীয় উৎপাত আখ্যা দিয়ে মন্ত্রী বলেন, এ উৎপাতকারীদের রূখতে হবে। ১৬ কোটি মানুষের দেশে ১৬টি পাগল নামের এ জঙ্গিরা কিছুই করতে পারবে না। অবশ্যই তাদের দমন করা হবে।
তিনি বলেন, জঙ্গিবাদ নির্মূল ও মানববতা বিরোধীদের বিরুদ্ধে অবস্থান নিতে হবে। নানাবিধ চক্রান্তকে মোকাবেলা করে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।
কমিউনিটি রেডিও জঙ্গিবাদ নির্মূলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে উল্লেখ করে ইনু বলেন, দুর্নীতি নির্মূল করে ভবিষ্যতের স্বপ্নকে এগিয়ে নিতে কাজ করতে হবে। দেশে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। সমাজের বৈষম্য দূর করার জন্য সংগ্রাম করতে হবে।
তিনি বলেন, কুসংস্কার মুক্ত বিজ্ঞান মনস্ক এবং গণতান্ত্রিক মূল্যবোধ সম্পন্ন মানুষ তৈরির ক্ষেত্রে আমাদের ভূমিকা রাখতে হবে।
তথ্যমন্ত্রী আরও বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণমাধ্যমের ব্যাপক উন্নয়ন ও প্রসার ঘটিয়েছে। সারাদেশে ৩২টি কমিউনিটি রেডিও চালু করেছে।
এছাড়া জঙ্গিবাদের কাছে মাথা নত না করে এ সরকার মানুষের কল্যাণে সাংবিধানিক, গণতান্ত্রিক ও নির্বাচন প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
গ্রামীণ আর্থ-সামাজিক উন্নয়নে ‘সারাবেলা’ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তথ্যমন্ত্রী। তিনি বলেন,এ কমিউনিটি রেডিওটি সরকার, প্রশাসন ও জনগণের মধ্যে সেতুবন্ধ হিসেবে কাজ করবে।
এসকেএস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রাসেল আহমেদ লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ, পুলিশ সুপার মো. আশরাফুল ইসলাম, পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের পরিচালক (গবেষণা) ড. তাপস কুমার বিশ্বাস, বিএনএনআরসির প্রধান নির্বাহী কর্মকর্তা এএইচএম বজলুর রহমান, গাইবান্ধা পৌরসভার মেয়র অ্যাডভোকেট শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন, জেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুর রশিদ সরকার প্রমুখ বক্তব্য রাখেন।
পরে হাসানুল হক ইনু জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জাসদ মনোনীত পৌরসভা ও ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত জনপ্রতিনিধিদের এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন।
ওএফ





