নানা শঙ্কা আর উদ্বেগের মধ্যে ঘনিয়ে আসছে তিন সিটি করপোরেশন নির্বাচনের দিনক্ষণ। আর মাত্র ২দিন পরেই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনী প্রচারবিধি অনুযায়ী রোববার মধ্যরাত থেকে আনুষ্ঠানিক প্রচার বন্ধ হয়ে যাবে। তাই শেষ মুহূর্তের প্রচারে ভোটারদের মন জয় করতে মেয়র, কাউন্সিলর ও নারী কাউন্সিলর প্রার্থীরা অবিরাম প্রচার চালাচ্ছেন। দলীয় নেতাকর্মীদের সঙ্গে ভোট চাইতে নেমেছেন তাদের পরিবার ও আত্মীয়স্বজনও।
ঢাকার দুই সিটিতে প্রথমদিকে বিএনপি সমর্থিত প্রার্থীদের প্রচার-প্রচারণা তেমন একটা চোখে না পরলেও শেষমূহুর্তে বিরামহীন প্রচারণা চালাচ্ছেন তারা। বিএনপি সমর্থিত প্রার্থীদের পক্ষে প্রচারণায় নেমেছেন দলের স্থায়ী কমিটির সদস্যসহ গুরুত্বপূর্ণ নেতারা। প্রচারণায় নেমেছেন দল সমর্থিত বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দও।
এমনকি ঢাকা উত্তর-দক্ষিণে এরইমধ্যে বিএনপি সমর্থিত প্রার্থীদের পক্ষে খোদ দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ৫দিন প্রচারণায় নেমে ভোট চেয়েছেন। দলের শীর্ষ নেতৃত্ব মাঠে নামায় দলের নেতাকর্মীদের মধ্যে ভোটের মাঠে নতুন মাত্রা সংযোগ করে। অনেক নেতাকর্মীই গা ঢাকা থেকে বের হয়ে নির্বাচনের মাঠে সক্রিয় হয়েছেন। ঘুম-বিশ্রাম বাদ দিয়ে প্রচারের কাজে সকাল থেকে গভীর রাত পর্যন্ত প্রার্থীরা প্রত্যন্ত এলাকা চষে বেড়াচ্ছেন।
শনিবার সকাল থেকেই প্রচারণায় ব্যস্ত আফরোজা আব্বাস: দক্ষিণে বিএনপি সমর্থিত আদর্শ ঢাকা আন্দোলনের মনোনীত মেয়র প্রার্থী মির্জা আব্বাসের পক্ষে তার স্ত্রী আফরোজা আব্বাস তার প্রচার শুরু করেন রাজধানীর মীর হাজীর বাগ ও যাত্রাবাড়ী এলাকায়। এসময় মির্জা আব্বাসের মগ মার্কায় ভোট চান তিনি।
এছাড়াও মির্জা আব্বাসের পক্ষে আরামবাগ, ফকিরেরপুল, কমলাপুরসহ বেশ কিছু এলাকায় গণসংযোগ করে শ্রমিক দল। জাসাস সভাপতি আবদুল মালেকের নেতৃত্বে রাজধানীর সেগুনবাগিচা, বিজয়নগর, কাকরাইলসহ বেশ কিছু এলাকায় মির্জা আব্বাসের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন জাসাসের সাধারণ সম্পাদক মনির খান, চিত্রনায়ক উজ্জ্বল, রফিকুল ইসলাম, জাকির হোসেন রোকন প্রমুখ।
মির্জা আব্বাসের প্রচার সমন্বয়কারী অধ্যাপক আমিনুল ইসলাম বলেন, আদর্শ ঢাকা আন্দোলন মনোনীত ঢাকা দক্ষিণের প্রার্থী মির্জা আব্বাস মাঠে থাকতে না পারলেও তার পক্ষে আফরোজা আব্বাস বিরামহীন প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এরইমধ্যে দক্ষিণের প্রায় সব ওয়ার্ডে তিনি গণসংযোগ সম্পন্ন করেছেন। আজকালের মধ্যেই বাকী ওয়ার্ডগুলোতেও গণসংযোগের কাজ করা হবে।
তিনি আরও বলেন, সরকারের অপরাজনীতির শিকার হয়ে মির্জা আব্বাস প্রচারণায় না থাকলেও ভোটারদের সহমর্মিতা মগ মার্কার পক্ষে আছে বলেও তার দাবী।
ছুটছেন তাবিথ আউয়াল: অবিরাম ছুটছেন দক্ষিণে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলকা থেকে শুরু করেন নির্বাচনী প্রচার। এরপর তিনি দৈনিক বাংলাদেশ প্রতিদিন আয়োজিত একটি গোলটেবিল বৈঠকে যোগ দেন। সেখান থেকে পরে যমুনা ফিউচার পার্কে যুগান্তর অফিসে মতবিনিময় করেন।
এরপর তাবিথ আউয়াল মালিবাগ, পশ্চিম খিলগাও ও হাজীপাড়ায় বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের কাছে লিফলেট বিতরণ করেন ও বাস মার্কায় ভোট গণসংযোগেকালে তাবিথের সঙ্গে ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান, বিএনপির সহতথ্য ও গবেষণা সম্পাদক সাবেক ছাত্রনেতা হাবিবুর রহমান হাবিব, এবিএম মোশাররফ হোসেন, মোরতাজুল করিম বাদরু, সাইফুল ইসলাম শিশিরসহ স্থানীয় কাউন্সিলর প্রার্থীরা।
উত্তরের বিএনপি সমর্থিত প্রার্থী তাবিথ আউয়ালের প্রচার সমন্বয়কারী সাবেক ছাত্রনেতা জয়ন্ত কুমার কুন্ডু টাইমনিউজবিডি'কে বলেন, আমাদের বাস মার্কার প্রচারণার জন্য উত্তরে শতাধিক টিম কাজ করছে। দলের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন পেশার লোকজণের সমন্বয়ে গঠিত এসব টিম ভোটারদের কাছে ভোট চাচ্ছেন। জনগণ নির্ভয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করলে বিএনপি সমর্থিত প্রার্থী তাবিথ আউয়াল বিপুল ভোটে বিজয়ী হবেন বলেও তিনি আশা করেন।
এমএইচ/ এআর





