বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ভোলা হবে স্বপ্নের নগরী। শিল্প কল-কারখানায় সমৃদ্ধ জেলাটি দেশের অন্যতম জেলায় পরিণত হবে।

এসময় তিনি দেশের মানুষ অর্থনৈতিকভাবে ভালো আছে বলেও মন্তব্য করেন।

শনিবার ভোলার চর সামাইয়্যা ইউনিয়ন পরিষদে দরিদ্রদের মধ্যে শাড়ি-লুঙ্গি বিতরণকালে তোফায়েল আহমেদ এ কথা বলেন। মন্ত্রী আজ ভেলুমিয়া, ভেদুরিয়া, চরসামাইয়া ইউনিয়নসহ ১৩টি ইউনিয়নের গরিব ও দুস্থদের মধ্যে ২০ হাজার শাড়ি-লুঙ্গি বিতরণ করেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘দেশে গত এক বছরে ১০ ভাগ জিডিপি বৃদ্ধি পেয়েছে। ব্যাপক হারে উন্নয়নমূলক কাজ হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার সফলভাবে দেশ পরিচালনা করছে।’

ভোলায় নদীভাঙন প্রতিরোধে যথাযথ ব্যবস্থা নেবেন উল্লেখ করে ভোলা-১ আসনের সাংসদ তোফায়েল আহমেদ বলেন, গত বছর মানুষ যে হারে পানিবন্দী হয়ে ছিল, এ বছর তাঁদের সে দুর্ভোগ পোহাতে হয়নি। তিনি জানান, ভোলায় গ্যাসভিত্তিক ২২৫ মেগাওয়াট বিদ্যুত্ উত্পাদনকেন্দ্র স্থাপনের কাজ চলছে। আগামী নভেম্বরে ওই কেন্দ্রের উদ্বোধন করা হবে।

বস্ত্র বিতরণ সভায় আরও বক্তব্য দেন জেলা পরিষদ প্রশাসক আবদুল মমিন, সদর উপজেলা চেয়ারম্যান মোশাররফ হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সম্পাদক নজরুল ইসলাম গোলদার প্রমুখ।

ঢাকা, ১৯ জুলাই(টাইমনিউজবিডি.কম)//এনএস