কথিত জঙ্গী আটক ও জিহাদী বই উদ্ধারের নামে রাজধানীর যাত্রাবাড়ী ও হাজারীবাগ থেকে সম্পূর্ণ অন্যায়ভাবে গ্রেফতারকৃতদের বিভিন্ন মেয়াদে পুলিশে রিমান্ডে নির্যাতন করার সরকারি ষড়যন্ত্রে তীব্র প্রতিবাদ ও গ্রেপ্তারকৃতদের মুক্তির দাবী জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী আমীর মাওলানা রফিকুল ইসলাম খান।
আজ এক বিবৃতিতে মহানগরী আমীর বলেন, সরকার জামায়াতসহ বিরোধী দল নির্মূল করার জন্যই জঙ্গীবাদ ও জঙ্গীদেরকে লালন ও পৃষ্ঠপোষকতা দিয়ে যাচ্ছে। একদিকে সরকার জঙ্গী নির্মূলের ঘোষণা দিচ্ছে, অন্যদিকে প্রকৃত জঙ্গী ও সন্ত্রাসবাদীদের আড়ালে রেখে কথিত জঙ্গী আটক, জঙ্গীবাদী ও জিহাদী প্রকাশনা উদ্ধারের নামে বিরোধী দলীয় নেতাকর্মীদের সম্পূর্ণ অন্যায় ও অযৌক্তিকভাবে নির্বিচারে গ্রেফতার করছে।
কুরআন, হাদিস ও ইসলামী সাহিত্যকে জিহাদী বই আখ্যা দিয়ে এসবের ধারক ও বাহকদের নির্মম নির্যাতন চালানো হচ্ছে। যেসব প্রকাশনাকে জিহাদী বই আখ্যা দেয়া হচ্ছে, দেশে এসব প্রকাশনা নিষিদ্ধ নয়।
সরকারের দলন-পীড়ন ও নির্মূল অভিযানের অংশ হিসাবেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করে বিভিন্ন মেয়াদে রিমান্ডে আনা হয়েছে। রাজধানীর যাত্রাবাড়ী থেকে গ্রেফতারকৃত আব্দুর রউফকে ১ দিন, হাজারীবাগ ও ধানমন্ডি থেকে গ্রেফতারকৃত ৩ জনকে ১দিন করে পুলিশি রিমান্ডে এনে শারিরীক ও মানসিকভাবে নির্যাতন চালানো হচ্ছে। যা সরকারের অগণতান্ত্রিক, অসহিষ্ণু, স্বৈর ও ফ্যাসীবাদী মানসিকতার পরিচয় বহন করে।
তিনি বলেন, একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় বিশ্বের অপরাপর জাতি যখন এগিয়ে যাচ্ছে, তখন সরকার জাতীয় সমস্যা মোকাবেলায় বৃহত্তর জাতীয় ঐক্যের পরিবর্তে জাতিকে বহুধাবিভক্ত করে নিজেদের রাজনৈতিক উচ্চাভিলাষ চরিতার্থ করছে।
দেশ সংবিধানিকভাবে গণপ্রজাতন্ত্র হলেও শাসন কাজে জনগণের কোন অংশগ্রহণ নেই। আওয়ামী লীগ তাদের ক্ষমতাকে দীর্ঘায়িত করতেই দেশের গণতন্ত্র, গণতান্ত্রিক মূল্যবোধ ও সংস্কৃতি ধ্বংস করে দিয়েছে। সুস্থ্যধারার রাজনীতি চর্চার পরিবর্তে দেশের রাজনীতিকে কলুষিত করা হচ্ছে। ঐক্যের পরিবর্তে বিভেদ ও হানাহানির পরিবেশ সৃষ্টি করা হয়েছে।
ইসলাম ও ইসলামী মূল্যবোধকে দাঁড় করানো হয়েছে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থি শক্তি হিসাবে। যা দেশের বৃহত্তর জনগোষ্ঠীর বিশ্বাস, আবেগ, অনুভূতি ও মূল্যবোধ এবং সংবিধানের মূল চেতনার সাথে সম্পূর্ণ সংঘর্ষিক। তাই দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে সরকারকেকে এই সংর্কীর্ণ বৃত্ত থেকে বেড়িয়ে আসতে হবে।
তিনি রাজধানীতে অন্যায়ভাবে গ্রেফতার ও বেআইনী রিমান্ডের নিন্দা জানান এবং পুলিশি রিমান্ড বাতিল করে অবিলম্বে গ্রেফতারকৃতদের নিঃশর্ত মুক্তি দাবি করেন।
এমবি





