সরকার দেশে রাজনীতির পথ রুদ্ধ করে সকল গণতান্ত্রিক পন্থাকে নিশ্চিহ্ন করে দিতে চায় বলে অভিযোগ করেছেন বিএনপির প্রচার সম্পাদক জয়নাল আবদিন ফারুক।

তিনি মঙ্গলবার বেলা ১১টায় রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয়তাবাদি মহিলা দলের ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

ফারুক বলেন, বর্তমান সরকার জনগনের সাথে প্রতারণা করে জনগনের সমর্থন ছাড়া ৫ জানুয়ারি অবৈধভাবে ক্ষমতা দখল করেছে। এখন তারা সেই সংসদে দাড়িয়ে বিচারপতিদের নিয়ন্ত্রন করতে অভিসংশন আইন করতে যাচ্ছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই।
এসময় সরকার সংবাদ পত্রের কণ্ঠরোধ করতেই সম্প্রচার নীতিমালা বাস্তবায়ন করছে বলেও মন্তব্য করেন তিনি।

সরকার পতনে বিএনপির আন্দোলন বিষয়ে ফারুক বলেন, দিন তারিখ ঘোষণা করে আন্দোলন হয়না, সরকার পতনও হয়না। বেগম জিয়া আন্দোলনের কৌশল জানেন। সময় মত তিনিই আন্দোলনের কৌশল নির্ধারণ করবেন।

এসময় মহিলা দলের সভাপতি নুরী আরা সাফা, সাধারণ সম্পাদক শিরিন সুলতানাসহ মহিলা দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

ঢাকা, এমএইচ, ৯ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম