বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে গোপন বৈঠকে অংশ নেওয়া সরকারি সচিবসহ কর্মকর্তাদের শনাক্ত করা হয়েছে। মঙ্গলবার দুপুরে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক নিজ দফতরে সাংবাদিকদের এসব তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, খালেদা জিয়ার সঙ্গে গোপন বৈঠকে অংশ নেওয়া সচিব ও কর্মকর্তাদের ইতিমধ্যে চিহ্নিত করা হয়েছে।

তাদের বিরুদ্ধে শিগগিরই মামলা করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তবে তদন্তের স্বার্থে এ মুহূর্তে বৈঠকে অংশগ্রহণকারী সরকারি কর্মকর্তাদের নাম পরিচয় প্রকাশ করা হচ্ছে না।

গত ৪ ডিসেম্বর রাতে  গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গোপন বৈঠক করেছেন ওই সচিব এবং কর্মকর্তারা। প্রায় ঘণ্টাব্যাপী বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে বেগম জিয়ার সঙ্গে তাদের আলোচনা হয়। 

বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য এ এস এম আবদুল হালিম, সাবিহ উদ্দিন আহমেদ, ব্যারিস্টার মুহম্মদ হায়দার আলী, এম এ কাইয়ুম প্রমুখ উপস্থিত ছিলেন।

পরবর্তীতে বৈঠকের কথা অস্বীকার করেন মির্জা ফখরুল। তিনি বলেন, খালেদা জিয়ার সঙ্গে একদল প্রাক্তন ও বর্তমান (ওএসডি) সচিবের বৈঠকের যে খবর বিভিন্ন সংবাদ মাধ্যমে এসেছে, তা ভিত্তিহীন ।

এমকে