জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর আজ সোমবারই প্রথম নিজ দপ্তরে অফিস করলেন ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। আজ মন্ত্রিসভা বৈঠক শেষে সচিবালয়ের এক নম্বর ভবনের তিন তলায় নিজের কক্ষে ঘণ্টা দুয়েক দাপ্তরিক কাজ করেন তিনি।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের কয়েকজন কর্মকর্তা জানান, মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে গিয়ে শেখ হাসিনার সাথে কথা বলেন সৈয়দ আশরাফ। পরে নিজের দপ্তরে আসেন। এসময় সৈয়দ আশরাফের কক্ষে এসে তার সাথে কথা বলেন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক। মন্ত্রী কয়েকজন দর্শনার্থীকে সাক্ষাৎ দিলেও বেলা ২টার দিকে সাংবাদিকদের এড়িয়ে নিজ দপ্তর থেকে বেরিয়ে যান।

প্রসঙ্গত, গত ৯ জুলাই স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয় সৈয়দ আশরাফকে। এর এক সপ্তাহের মাথায় ১৬ জুলাই তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্ব পান তিনি। সংস্থাপন মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে জনপ্রশাসন মন্ত্রণালয় করার পর সৈয়দ আশরাফুল ইসলামই এ মন্ত্রণালয়ের প্রথম পূর্ণমন্ত্রী। দায়িত্ব পাওয়ার পর এর আগে মন্ত্রণালয়ে এলেও কক্ষ প্রস্তুত না হওয়ায় নিজের দপ্তরে বসেননি আশরাফ। প্রতিমন্ত্রী ইসমাত আরা যে কক্ষে বসতেন সেখানেই সৈয়দ আশরাফের বসার ব্যবস্থা করা হয়েছে। প্রতিমন্ত্রী ইসমাত আরাকে একই ভবনের দোতলার অন্য একটি কক্ষে বসার জায়গা করে দেয়া হয়েছে।

এএইচ