রিটার্নিং অফিসার কর্তৃক প্রার্থিতা বাতিল হওয়া বিএনপি নেতা আবদুল আউয়াল মিন্টু ও নাসির উদ্দিন আহমেদ পিন্টুর আপিল শুনানি শনিবার বিকেল চারটায়। রাজধানীর সেগুনবাগিচায় বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এ শুনানি অনুষ্ঠিত হবে বলে মিন্টু ও পিন্টুর আইনজীবীরা নিশ্চিত করেছেন। তারা আশাবাদ ব্যক্ত করে জানান, আপিলের রায় মিন্টু-পিন্টুর পক্ষেই আসবে।
আসন্ন সিটি নির্বাচনে ঢাকা উত্তরের মেয়র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন মিন্টু। দক্ষিণে মেয়রপ্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন পিন্টু। বুধবার উত্তর ও দক্ষিণের রিটার্নিং অফিসার পৃথকভাবে মিন্টু ও পিন্টুর প্রার্থিতা বাতিল করেন। এরপর দিন বৃহস্পতিবার উভয়েই তাদের নিজনিজ আইজীবীর মাধ্যমে ঢাকা বিভাগীয় কমিশনারের বরাবর আপিল করেন।
শুক্রবার বিকেলে মিন্টুর আইনজীবী ব্যারিস্টার এহসানুর রহমান বলেন, প্রার্থিতার বৈধতা চেয়ে আপিল করেছি। শনিবার বিকেল চারটায় আপিল কর্তৃপক্ষ বিষয়টি শুনানি করবেন। রায় পক্ষে আসবে বলে প্রত্যাশা করেন মিন্টুর এই আইনজীবী।
উল্লেখ্য মিন্টুর সমর্থক আবদুর রাজ্জাক উত্তর সিটির ভোটার না হওয়ায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়। নির্বাচনী বিধিতে প্রার্থী, প্রস্তাবক, সমর্থককে একই সিটির ভোটার হওয়ার বাধ্যবাধকতা রয়েছে।
শুক্রবার নাসিরউদ্দিন আহমেদ পিন্টুর আইনজীবী ফারুকুল ইসলাম বলেন, পিন্টুর প্রার্থিতা বৈধতা চেয়ে আপিল করেছি। শনিবার বিকাল চারটায় আপিল কর্তৃপক্ষ শুনানি করবেন। পিন্টুর এই আইনজীবী মনে করেন, বিডিআর বিদ্রোহ মামলায় নিম্নআদালত পিন্টুকে সাজা দিলেও আপিল করায় তা উচ্চআদালতে বিচারাধীন রয়েছে। তাই, তারা মনে করছেন, রায় তাদের পক্ষে আসবে।
উল্লেখ্য পিন্টু বিডিআর বিদ্রোহ মামলার সাজাপ্রাপ্ত আসামি। তিনি উচ্চআদালতে আপিল করলেও আদালত তার পূর্বের রায় স্থগিত করেননি। এ কারণেই রিটার্নিং অফিসার তার মনোনয়নপত্র বাতিল করেছেন।
জেআই





