আসন্ন তিন সিটি নির্বাচন ঘনিয়ে এলেও ২০ দলের সমর্থন পেয়েও প্রকাশ্যে গণসংযোগ চালাতে পারছেন না অনেক প্রার্থী। শুধু দল সমর্থিত প্রার্থী নয়, যারা প্রার্থীর পক্ষে নির্বাচন পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন, তাদেরও অনেকেই গ্রেফতার আতংকে পালিয়ে বেড়াচ্ছেন।

তবে আত্মগোপনে এসব প্রার্থীরা সরাসরি প্রকাশ্যে আসতে না পারলেও নানা মাধ্যমে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন তারা। পরিবারের সদস্য বা নিজ সমর্থকদের দিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাওয়ার নির্দেশ দিচ্ছেন এসব প্রার্থী।

ঢাকা সিটি নির্বাচনে মেয়র পদে মির্জা আব্বাসকে সমর্থন দেয়া হয় বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের পক্ষ থেকে। তার বিরুদ্ধে একাধিক মামলা থাকায় তিনি এখনও প্রকাশ্যে আসছেন না।

তবে মির্জা আব্বাস নিজে মাঠে না নামতে পারলেও তার পক্ষে বেশ জোরালোভাবেই মাঠে নেমেছেন তার স্ত্রী আফরোজা আব্বাস। আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরুর দিন থেকেই স্বামীর পক্ষে মাঠে নেমেছেন তিনি।

সঙ্গে দলের নেতাকর্মী ও আব্বাসের রাজনৈতিক অনুসারিদেরও পাশে পাচ্ছেন।প্রতিদিনই সকাল বিকাল ঘুরে ফিরছেন ভোটারদের দ্বারে-দ্বারে।

রবিবার সকালে রাজধানীর মালিবাগ মোড় থেকে আব্বাসের প্রতীক মগ মার্কায় ভোট চেয়ে প্রচারণা শুরু করেন তিনি। এরপর সিদ্ধেশ্বরী, বেইলী রোড, কাকরাইল শান্তিনগর এলাকায় আব্বাসের পক্ষে ভোট চান।

প্রচারণার বিষয়ে দক্ষিণের মেয়র প্রার্থী মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস টাইমনিউজবিডিকে বলেন, প্রচারণায় সাধারণ মানুষের ব্যাপক সাড়া পাচ্ছি। তিনি (আব্বাস সাহেব) এই শহরের মানুষ। সব সময় জনগণের পাশে থাকার চেষ্টা করেন। সেজন্য আমরা মানুষের সমর্থন নিয়ে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।

খুব শিগগিরই মির্জা আব্বাস জনসম্মুখে আসার সুযোগ পাবেন এমন প্রত্যাশা করে তিনি আরও বলেন, তার নামে যেসব মিথ্যা মামলা আছে সেগুলোতে তিনি উচ্চ আদালত থেকে জামিন পাবেন।

তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, সিটি নির্বাচনে ২০ দলের প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে পারলে গণতন্ত্র রক্ষার আন্দোলন আরও বেগবান হবে। এ জন্য নির্বাচনে জয়লাভের জন্য সবাইকে একসঙ্গে কাজ করারও আহ্বান জানান আফরোজা আব্বাস।

এমএইচ, কেবি