লন্ডনে পৌঁছেছেন বিএনপি চেয়াপারসন খালেদা জিয়া। বুধবার  লন্ডন সময় সকাল ৭টা ১৪ মিনিটে (বাংলাদেশ সময় ১২টা ১৪ মিনিট) লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছান তিনি। 

গতকাল রাত ৯টা ৫০ মিনিটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে এমিরেটস এয়ারলাইন্সের ইকে-৫৮৫ ফ্লাইটে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন তিনি।

এরপর দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্থানীয় সময় রাত আড়াইটায় এমিরেটস এয়ারলাইন্সের ইকে৭ ফ্লাইটে লন্ডনের উদ্দেশ্যে রওনা হন খালেদা।

খালেদা জিয়ার সফরসঙ্গী হিসেবে রয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমির খসরু মাহমুদ চৌধূরী, তার একান্ত সচিব আব্দুস সাত্তার ও ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির সমর্থনে মেয়র প্রার্থী হওয়া তাবিথ আউয়াল। গৃহকর্মী ফাতেমা আখাতার কুলসুমও খালেদা জিয়ার সঙ্গে আছেন।

ব্যক্তিগত এ সফরে খালেদা জিয়া চোখের চিকিৎসা করাবেন। লন্ডনের একটি হাসপাতালে পুত্রবধূ ডা. জোবায়দা রহমান আগে থেকেই অ্যাপয়েনমেন্ট নিয়ে রেখেছেন।

দীর্ঘ চার বছর পর বড় ছেলে তারেক রহমান, পুত্রবধূ ডা. জোবায়দা রহমান, নাতনি জাইমা রহমানের সঙ্গে একান্তে সময় কাটাবেন খালেদা জিয়া। 

এছাড়াও ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিঁথি, দুই কন্যা জাফিয়া ও জাহিয়া রহমানের সঙ্গেও লন্ডনে দেখা হচ্ছে খালেদা জিয়ার। এরই মধ্যে মালয়েশিয়া থেকে দুই মেয়ে নিয়ে লন্ডন পৌঁছেছেন শর্মিলা।

এমএইচ